

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিস শহরে ট্রাম্প সরকারের অভিবাসন-বিরোধী অভিযানের প্রতিবাদে ব্যাপক ধর্মঘট পালিত হয়েছে। ‘নো ওয়ার্ক, নো স্কুল, নো শপিং’ শীর্ষক কর্মসূচির অধীনে স্থানীয় সময় শুক্রবার (২৩ জানুয়ারি) শহরটির জনজীবন অচল হয়ে পড়ে। শহরের মেয়র জ্যাকব ফ্রে ট্রাম্প সরকারের অভিবাসন কর্মসূচিকে ‘জাতিগত বৈষম্য ও রাজনৈতিক প্রতিশোধ’ বলে অভিহিত করেছেন।
অভিবাসন পুলিশ সংস্থা ‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)’ এর চলমান অভিযানের অংশ হিসেবে গত মঙ্গলবার পাঁচ বছর বয়সি শিশু লিয়াম কোনেজো রামোস ও তার বাবাকে আটকের ঘটনা তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। শিশুটির স্কুলের সুপারিনটেন্ডেন্ট জেনা স্টেনভিক সংবাদ সম্মেলনে জানান, স্কুল থেকে ফেরার পথে শিশুটিকে গাড়ি থেকে জোর করে টেনে নামিয়ে আটক করা হয়।
এদিকে, আইসিইর একটি গাড়ি আটকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায় এক চালককে জোর করে মাটিতে ফেলে হাতকড়া পরানো হচ্ছে। পথচারীদের প্রতিবাদের মুখে তাকে পরে ছেড়ে দিতে বাধ্য হয় আইসিই কর্মকর্তারা।
জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি ও আইন প্রয়োগের সময় ব্যক্তিগত অধিকার ও ন্যায্য প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়ে বলেন, অবৈধ অভিবাসী সন্দেহে গ্রেফতার উদ্বেগজনক।