

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ ফরিদপুরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালের সমাবেশ শেষ করে দুপুরে ফরিদপুরে জনসভায় বক্তব্য দেবেন তিনি।
বিএনপি চেয়ারম্যানের আগমন উপলক্ষে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত এ নির্বাচনী জনসভায় দুই লাখের বেশি মানুষের সমাগম হবে বলে আশা করছে জেলা বিএনপি।
বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে, তারেক রহমান বেলা ১১টার দিকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে হেলিকপ্টারযোগে রওনা হবেন।
দুপুর ১২টার দিকে বরিশাল বেলস পার্ক মাঠে বরিশাল বিভাগীয় নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন। পরে দুপুর ১টার দিকে হেলিকপ্টারযোগে বরিশাল থেকে ফরিদপুরে পৌঁছাবেন, আর ১টা ৪৫ মিনিটে জনসভা মঞ্চে উঠবেন।
ফরিদপুরের জনসভা শেষে দুপুর ২টা ৪৫ মিনিটে একই হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। বিকেল সাড়ে ৩টার দিকে গুলশানের বাসায় পৌঁছানোর কথা রয়েছে তারেক রহমানের।
সমাবেশস্থলের পাশে ফরিদপুর স্টেডিয়ামে তারেক রহমানকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি জেলা বিএনপি।
সমাবেশ উপলক্ষ্যে রাজেন্দ্র কলেজ মাঠে মাঠের দক্ষিণ পাশের মাঝামাঝি স্থানে ৭০ ফুট দৈর্ঘ্য, ৩০ ফুট প্রস্থ ও ৭ ফুট উচ্চতার একটি মঞ্চ নির্মাণ সম্পন্ন হয়েছে। মাঠ ও এর আশপাশ জুড়ে ধানের শীষের প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে সাদাকালো ব্যানারে ছেয়ে ফেলা হয়েছে। মঞ্চে বিশাল এলইডি স্ক্রিনে তারেক রহমানের এই বক্তব্য দেখতে পারবেন মাঠে আগত নেতাকর্মীরা।
জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া বলেন, আমাদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা, আমাদের নেতাকর্মী ও সাধারণ জনগণ এখন আমাদের চেয়ারম্যানের জন্য উন্মুখ হয়ে আছে, কখন তিনি আসবেন। এটি আমাদের চেয়ারম্যানের ফরিদপুরে প্রথম জনসভা হওয়ায় এই অঞ্চলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে।