বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

নিরপেক্ষ দায়িত্ব পালনে পুলিশকে ৭৩ নির্দেশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮ বার

২০১৮ সালের ‘রাতের ভোট’ বিতর্কে পুলিশ বাহিনীর ভূমিকা নিয়ে যে প্রশ্ন ও সমালোচনা তৈরি হয়েছিল, তার রেশ এখনও কাটেনি। সেই আস্থার ঘাটতি দূর করতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ ও ন্যায়সঙ্গত ভূমিকা পালনের মাধ্যমে জনগণের বিশ্বাস ফিরিয়ে আনতে চায় পুলিশ বাহিনী। এ লক্ষ্যেই নির্বাচনকালীন দায়িত্ব পালনে পুলিশ সদর দপ্তর ৭৩ দফা নির্দেশনাসংবলিত একটি বুকলেট প্রকাশ করেছে।

নির্বাচনী দায়িত্বে নিয়োজিত প্রত্যেক পুলিশ সদস্যকে এই বুকলেট দেওয়া হচ্ছে এবং দায়িত্ব পালনকালে এটি সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। পুলিশ সূত্র জানিয়েছে, নির্বাচনের মাঠে পুলিশের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো স্পষ্ট ও বাস্তবসম্মতভাবে তুলে ধরা হয়েছে এই নির্দেশিকায়।

বুকলেটে বলা হয়েছে, নির্বাচনকালে দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের ধৈর্য ও সংযম বজায় রেখে আইনানুগ দায়িত্ব পালন করতে হবে। উসকানি এড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, শৃঙ্খলা ও সৌজন্য বজায় রেখে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ভোটকেন্দ্রে পুলিশের ভূমিকা কী হবে এবং কোন আচরণগুলো কঠোরভাবে পরিহার করতে হবে, সে বিষয়ে লিখিত নির্দেশনা রয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, ইউএনডিপি ও জাতিসংঘের ড্রাগস অ্যান্ড ক্রাইম অফিসের সহযোগিতায় এক লাখ ৬০ হাজার বুকলেট ছাপানো হয়েছে। গত সপ্তাহে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার কার্যালয়, সব মহানগর পুলিশসহ পুলিশের সব ইউনিটে এই বুকলেট পাঠানো হয়েছে। নির্বাচনী দায়িত্বে মোতায়েন হওয়ার আগে কমান্ড সার্টিফিকেট (সিসি) গ্রহণের সময় প্রত্যেক পুলিশ সদস্য একটি করে বুকলেট পাবেন।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসাইন আমাদের সময়কে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনানুগ ও নিরপেক্ষ দায়িত্ব পালনে পুলিশ বদ্ধপরিকর। এ লক্ষ্যেই নির্বাচনী দায়িত্বে পুলিশ সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয় নিয়ে এই বুকলেট তৈরি করা হয়েছে। নির্বাচনি দায়িত্বে থাকা প্রত্যেক পুলিশ সদস্যের জন্য এই নির্দেশনা অনুসরণ বাধ্যতামূলক।

নির্বাচনকালে পুলিশের করণীয়

নির্দেশিকায় বলা হয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশনা, নির্বাচনী আইন ও আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে। ভোটারদের অবাধ ও স্বাধীনভাবে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করা, কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর পক্ষে কিংবা বিপক্ষে অবস্থান না নেওয়া, ভোটকেন্দ্র ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের মূল দায়িত্ব। একই সঙ্গে নারী, প্রতিবন্ধী, বয়স্ক ও সংখ্যালঘু ভোটারদের নিরাপদে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে বলা হয়েছে।

এ ছাড়া ভোটকেন্দ্রে শৃঙ্খলা রক্ষা, জাল ভোট, সহিংসতা বা আচরণবিধি লঙ্ঘনের চেষ্টা হলে আইন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া, প্রিসাইডিং ও পোলিং অফিসারদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচনকালে পুলিশের বর্জনীয়

অন্যদিকে বর্জনীয় অংশে স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো প্রার্থী বা তার এজেন্টের কাছ থেকে খাবার, উপঢৌকন বা কোনো সুবিধা নেওয়া যাবে না। প্রার্থীদের সঙ্গে ছবি তোলা, ঘনিষ্ঠতা বা রাজনৈতিক আলোচনা নিষিদ্ধ। ভোটারকে প্রভাবিত করা, পক্ষপাতমূলক আচরণ, অপ্রয়োজনে বলপ্রয়োগ, রাজনৈতিক মিছিলে অংশগ্রহণ কিংবা সামাজিক মাধ্যমে রাজনৈতিক পোস্ট বা মন্তব্য করাও নিষিদ্ধ করা হয়েছে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, দায়িত্বকালীন সময়ে অপ্রয়োজনে মোবাইল ফোন ব্যবহার, ব্যক্তিগত আলাপচারিতা, যত্রতত্র খাবার গ্রহণ কিংবা অপেশাদার আচরণ থেকে বিরত থাকতে হবে। নির্বাচনী কোনো সংবেদনশীল তথ্য, ছবি বা ভিডিও অফিসিয়াল অনুরোধ ছাড়া কারও কাছে পাঠানো যাবে না। এমনকি ভোটের ফলাফল বা সম্ভাব্য বিজয়ী প্রার্থী নিয়েও কোনো ধরনের আলোচনা করতে নিষেধ করা হয়েছে।

বুকলেটে উল্লেখ করা হয়েছে, নির্বাচনকালে কোনো সহিংসতা বা সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হলে আইনানুগ ও পরিমিত বলপ্রয়োগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। গুজব বা অপপ্রচারে বিচলিত না হয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, পুলিশের আচরণ ও ভূমিকা নিয়ে যে নির্দেশিকা দেওয়া হয়েছে, এটি একটি ইতিবাচক উদ্যোগ। এই নির্দেশনা অনুযায়ী পুলিশ দায়িত্ব পালন করলে তারা নির্বাচনে তাদের নিরপেক্ষতা প্রমাণ করতে পারবে। এতে নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হবে এবং জনগণ ও রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা পূরণ হবে বলে তিনি মনে করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com