

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।এ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রীসহ আঞ্চলিক বিভিন্ন দেশের সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।
তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না- এমন ইঙ্গিত দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
আজ রোববার এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ১৭ ফেব্রুয়ারি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ভারত সফরে যাচ্ছেন। ওইদিন মুম্বাইয়ে মোদি ও ম্যাক্রনের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, ফ্রান্সের প্রেসিডেন্ট পরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত এআই ইমপেক্ট সম্মেলনে অংশ নেবেন। তিনি ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে অবস্থান করে নিজ দেশে ফিরবেন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মোদির পরিবর্তে বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে দেশটির উচ্চপদস্থ কেউ অংশ নেবেন। ভারতের ভাইস-প্রেসিডেন্ট বা পররাষ্ট্রমন্ত্রীর তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি।
এর আগে গত ১৩ ফেব্রুয়ারি বিএনপির ভূমিধস বিজয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানান ভারতীয় প্রধানমন্ত্রী। মোদি উল্লেখ করেন, এই বিজয় বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তারেক রহমানের নেতৃত্বের ওপর অগাধ আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী দিনে দুই দেশের মধ্যকার বহুমুখী সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলো অর্জনে উভয় দেশ একযোগে কাজ করে যাবে।
ভারতীয় প্রধানমন্ত্রীর এমন বার্তায় মোদিকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি।