বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

ইরানকে সময় বেঁধে দিলেন ট্রাম্প

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩ বার

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান উত্তজনা এবার সংঘাতের দ্বারপ্রান্তে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে ‘১০ থেকে ১৫ দিন’ সময় বেঁধে দিয়ে জানিয়েছেন, এই সময়ের মধ্যে নতুন কোনো চুক্তিতে না পৌঁছালে দেশটিকে ‘দুর্ভাগ্যজনক’ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল ও ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে আলোচনার টেবিলে বাধ্য করতে একটি ‘সীমিত আকারের’ আগাম সামরিক হামলার পরিকল্পনা করছে হোয়াইট হাউস।

প্রেসিডেন্ট ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, ‘হয় আমরা একটি চুক্তিতে পৌঁছাব, না হলে তাদের জন্য বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে। আমার মনে হয় ১০ থেকে ১৫ দিন আলোচনার জন্য যথেষ্ট সময়।’

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই সম্ভাব্য হামলায় ইরানের নির্দিষ্ট সরকারি ভবন বা সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হতে পারে, যাতে পূর্ণমাত্রার যুদ্ধ এড়ানো যায়। তবে প্রয়োজনে বড় ধরনের অভিযানের পরিকল্পনাও টেবিলে রাখা হয়েছে, যার চূড়ান্ত লক্ষ্য ইরানি শাসনের পতন বা পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা।

মধ্যপ্রাচ্যে বর্তমানে গত ২৩ বছরের মধ্যে সবচেয়ে বড় সামরিক সমাবেশ ঘটিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে দুটি বিমানবাহী রণতরী, অত্যাধুনিক যুদ্ধবিমান ও রিফুয়েলিং ট্যাংকার মোতায়েন করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েলের সহায়তায় কয়েক দিনব্যাপী বড় ধরনের বিমান হামলা চালানোর সক্ষমতা এখন ওয়াশিংটনের হাতের নাগালে।

ইরান সংকট ছাড়াও ট্রাম্প প্রশাসনের বেশ কিছু পদক্ষেপ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এলিয়েন বা ভিনগ্রহের প্রাণী-সংক্রান্ত গোপন ফাইল জনসমক্ষে আনার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে, এপস্টাইন কেলেঙ্কারিতে নিজের নাম আসা নিয়ে ট্রাম্প নিজেকে ‘নির্দোষ’ দাবি করলেও নতুন করে প্রশ্ন উঠছে। এছাড়া এফবিআই পরিচালক কাশ প্যাটেলের ইতালি সফর এবং শ্রমসচিবের স্বামীর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ট্রাম্প সরকারকে নতুন অস্বস্তিতে ফেলেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com