

যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ত নগরী নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে পবিত্র রমজান উপলক্ষে গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ইফতার ও তারাবির নামাজ আয়োজন করা হয়। নিউ ইয়র্ক সিটির সবচেয়ে পরিচিত এলাকা টাইমস স্কয়ারের ব্রডওয়ে ও সেভেন্থ স্ট্রিটের মোড়ে নির্ধারিত সময়ে ইফতার করেন অংশগ্রহণকারীরা। ইফতারের সময় হলে তারা দোয়া করে রোজা ভাঙেন। সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক প্ল্যাটফর্ম ‘ওয়ে অব লাইফ এসকিউ’ পঞ্চমবারের মতো এই কর্মসূচির আয়োজন করে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রায় দেড় হাজার মানুষের মধ্যে বিনামূল্যে ইফতারের খাবার প্যাকেট বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন ভাষায় অনূদিত ১ হাজার ২০০ কপি কোরআন শরিফ বিতরণ করা হয়। অনেকেই ইংরেজি, স্প্যানিশ ও জার্মান ভাষায় কোরআনের কপি গ্রহণ করেন।
ইফতারের পর অংশগ্রহণকারীরা নিজ নিজ জায়নামাজ বিছিয়ে টাইমস স্কয়ারের আলোকচ্ছটায় মাগরিব, এশা ও তারাবির নামাজ আদায় করেন। এ দৃশ্য স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। অনেককে মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে দেখা যায়।
লেখক : মাদ্রাসাশিক্ষক ও ধর্মীয় নিবন্ধকার