

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিনের ছুটির কবলে পড়ছে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর ভোমরা স্থলবন্দর। এ সময় বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানিসহ বাণিজ্যিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে সংশি্লষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, অ্যাসোসিয়েশনের মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ মার্চ মঙ্গলবার পর্যন্ত সিএন্ডএফ কার্যক্রম চালু থাকবে। রমজান মাসে আমদানি ও রপ্তানি কার্যক্রম প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৩টা ৩০ মিনিট (বাংলাদেশ সময়) পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।
তিনি আরও জানান, ১৮ মার্চ বুধবার থেকে ২৭ মার্চ শুক্রবার পর্যন্ত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোমরা কাস্টমস হাউসে সিএন্ডএফ কার্যক্রম বন্ধ থাকবে। ফলে এ সময় বন্দর দিয়ে কোনো পণ্যবাহী ট্রাক দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারবে না। আগামী ২৮ মার্চ শনিবার থেকে যথারীতি আবার বন্দর কার্যক্রম শুরু হবে।
তবে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন ভোমরা ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ -ওসি রাশেদুজ্জামান। তিনি বলেন, নিয়মিত প্রক্রিয়ায় পাসপোর্টধারীরা সীমান্ত অতিক্রম করতে পারবেন।
ঈদকে ঘিরে টানা ও স্মরণকালের বৃহত্তম ছুটির কারণে ভোমরা বন্দরকেন্দ্রিক আমদানি-রপ্তানি ব্যবসায় কিছুটা স্থবিরতা দেখা দিলেও, ছুটি শেষে আবার স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে বলে আশা করছেন সংশি্লষ্ট ব্যবসায়ীরা।