বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

রাকিব হত্যায় গ্রেপ্তার ৪

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২ বার

রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় রাকিবুল ইসলাম হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ মার্চ) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারদের বিষয়ে বিস্তারিত জানাতে বুধবার (১৮ মার্চ) দুপুর ১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে গত রোববার রাতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে নিহত হন রাকিবুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ৯টার দিকে শহীদ মিনারের সিঁড়িতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন তিনি। এ সময় কয়েকজন যুবক হঠাৎ এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা।

ঘটনার সময় উপস্থিত লোকজন হামলাকারীদের একজনকে চাপাতিসহ আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রেমঘটিত দ্বন্দ্বের জেরে পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়। হামলায় সাত থেকে আটজন অংশ নেয় এবং তাদের একটি নির্দিষ্ট এলাকা থেকে ভাড়া করে ঢাকায় আনা হয়েছিল।

নিহত রাকিবুল ইসলামের বাড়ি ভোলা সদর উপজেলায়। তার বাবা তারিকুল ইসলাম খোকন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের কর্মচারী। রাকিবুল রাজধানীর বোরহানুদ্দীন পোস্টগ্র্যাজুয়েট কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com