সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে মার্কিন নৌবাহিনী: ট্রাম্প

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৫ বার

মার্কিন নৌবাহিনী উপসাগরে একটি ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লিখেছেন, ‘তৌসকা’ নামের জাহাজটিকে থামার নির্দেশ দিলে সেটি তা অমান্য করে। তাই জাহাজটিকে জব্দ করা হয়।

অন্যদিকে ইরান বলেছে যে, এটি যুদ্ধবিরতি লঙ্ঘন এবং তারা শিগগিরই এই সশস্ত্র জলদস্যুতার ঘটনার জবাব দেবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আজ তৌসকা নামের প্রায় ৯০০ ফুট দীর্ঘ একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ আমাদের নৌ অবরোধ ভাঙার চেষ্টা করেছিল, কিন্তু সেটি তাদের জন্য ভালো হয়নি।’

তিনি আরও বলেন, ‘জাহাজটিকে থামার জন্য সতর্ক করা হয়েছিল, কিন্তু জাহাজটি তা মানেনি। তাই আমাদের নৌবাহিনীর জাহাজ ইঞ্জিনরুমে গুলি চালিয়ে সেটিকে থামিয়ে দেয়।’

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ‘তৌসকা যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে এবং অতীতে অবৈধ কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল। জাহাজটি এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং আমরা এর ভেতরে কী আছে তা পরীক্ষা করছি।’

মার্কিন সেন্ট্রাল কমান্ড পরে একটি ভিডিও প্রকাশ করে, যেখানে একটি নৌযানকে কার্গো জাহাজটি আটকাতে দেখা যায়। ভিডিওতে দেখা যায়, জাহাজটির দিকে একটি বন্দুক থেকে গুলি ছোড়া হচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে দেশটির সামরিক সদর দপ্তর খাতাম আল-আনবিয়ার এক মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করে ওমান সাগরে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়েছে, এর নেভিগেশন ব্যবস্থা অচল করেছে এবং মেরিন মোতায়েন করে জাহাজে উঠেছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী খুব শিগগিরই মার্কিন নৌবাহিনীর এই সশস্ত্র জলদস্যুতার জবাব দেবে।’

এ ঘোষণার আগে হোয়াইট হাউজ নিশ্চিত করে যে, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে পাকিস্তানে আয়োজিত দ্বিতীয় দফা আলোচনায় নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

তেহরান এখনো দ্বিতীয় দফা আলোচনায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করেনি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অবরোধ চলতে থাকলে তারা আলোচনায় অংশ নেবে না।

এদিকে ট্রাম্প শুক্রবার বলেন, দুই দেশের মধ্যে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ চালু থাকবে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মাধ্যমে সংঘাত শুরু হয় এবং পাঁচ সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যজুড়ে হামলা চলার পর দুই সপ্তাহের জন্য একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এই মাসের শুরুর দিকে প্রথম দফা আলোচনা হয় এবং কোনো সমঝোতা ছাড়াই তা শেষ হয়।

এর পর ডোনাল্ড ট্রাম্প নৌ অবরোধের ঘোষণা দেন। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনো অমীমাংসিত রয়েছে।

রোববারের আগে ট্রাম্প বলেন, তার প্রতিনিধিরা আজ সোমবার পাকিস্তানে পৌঁছাবেন, যেখানে দেশটি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবে বুধবার।

হোয়াইট হাউজের এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স ছাড়াও ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জারেদ কুশনার প্রতিনিধিদলে থাকবেন, যারা আগের আলোচনাতেও উপস্থিত ছিলেন।

এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা বলেছে যে, দ্বিতীয় দফায় আলোচনা হবে, এই খবর সত্য নয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com