মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

এমন শুরুই চেয়েছিলেন লিটন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৪ বার

ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এবার তাদের চোখ টি-টোয়েন্টিতে। সে পথের শুরুটা ভালো হয়েছে লাল-সবুজদের। নিউজিল্যান্ডকে গতকাল প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। জয় দিয়ে সিরিজ শুরু করায় খুশি লিটন দাস। তিনি ব্যাটারদের ভূয়সী প্রশংসা করেছেন বিশেষ করে তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন এবং শামীম হোসেনের। চট্টগ্রামে নিউজিল্যান্ড প্রথমে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৮২ রান করে।

জবাবে ব্যাটিংয়ে নেমে ১০.১ ওভারে ৭৭ রান স্কোরকার্ডে জমা করতেই প্রথম সারির তিন উইকেট সাইফ হাসান, লিটন দাস এবং তানজিদ হাসানকে হারায় স্বাগতিকরা। সেখান থেকেই তাওহিদ হৃদয়, ইমন এবং শামীমের দুর্দান্ত ব্যাটিংয়ে ইনিংসের ১২ বল বাকি থাকতে অনায়াস জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যাচসেরা তাওহিদ ২৭ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন। ইমন ১৪ বলে ২৮ এবং ছয়ে নেমে নিখুঁত ফিনিশারের ভূমিকা পালন করেছেন শামীম। তিনি ১৩ বলে হার না মানা ৩১ রানের ইনিংস খেলেন। ম্যাচশেষে টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস বলেন, ‘ জয় দিয়ে সিরিজ শুরু করতে পেরেছি, অবশ্যই এটা ভালো লাগার মতো ব্যাপার। আমি মনে করি এটা খুবই ভালো একটা ম্যাচ ছিল।’ এরপর ব্যাটারদের ভূয়সী প্রশংসা ঝড়েছে টি-টোয়েন্টি অধিনায়কের কণ্ঠে।

লিটন বলেন, ‘ তারা যেভাবে ব্যাটিং করেছে আমি খুবই খুশি বিশেষ করে হৃদয়। মিডল অর্ডারে সে এবং ইমন খুবই ভালো খেলেছে এবং অবশ্যই ম্যাচটা শেষ করেছে শামীম।’ চট্টগ্রামের এই পিচে নিউজিল্যান্ডের ১৮২ রান চ্যালেঞ্জিং স্কোর ছিল বলে জানিয়েছেন লিটন। তিনি বলেন, ‘এই গ্রাউন্ডে ১৮৩ রান অনেক বড় স্কোর কেননা এখানকার উইকেটে ব্যাট করাটা মোটেও সহজ ছিল না। প্রথম ইনিংস শেষে উইকেট স্লো হয়ে গিয়েছিল। আমি বলেছিলাম আমাদের পাওয়ারপ্লেতে রান তুলতে হবে। আপনি যদি শুরুতে ভালো রান স্কোরকার্ডে জমা করতে পারেন তাহলে মিডল অর্ডারের জন্য কাজটা সহজ হয়ে যায়। ইমন, হৃদয় এবং শামীম ব্যাট হাতে কাজটা সহজ করে দিয়েছে যদিও, সত্যি বলতে এটা কিন্তু সহজ ছিল না।’ ম্যাচসেরা তাওহিদ হৃদয় অবশ্য ভিন্ন কথা বলছেন। তিনি জানান, পিচ ব্যাটিং-বান্ধবই ছিল।

হৃদয় বলেন, ‘ব্যাট করার জন্য খুবই ভালো পিচ ছিল। তাওহিদ জানান, তিনি পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করেছেন। তিনি বলেন, ‘সে সময় আমাদের স্কোরকার্ডে রান দরকার ছিল। আমি সে চেষ্টাটাই করেছি। এ কারণেই আক্রমণাত্মক ব্যাটিং করেছি।’ শামীমের ব্যাটিং অ্যাপ্রোচের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘সে সত্যিই অসাধারণ ব্যাটিং করেছে। সে এসে দুর্দান্ত ক্রিকেট খেলেছে।’ নিউজিল্যান্ডের অধিনায়ক নিক কেলি জানান, এমন পিচে ১৮০ রান তার কাছে ভালো দলীয় সংগ্রহ বলেই মনে হয়েছে। তিনি বলেন, ‘ আমরা ১৮০ রান করার পর আমি খুশিই ছিলাম, কেননা মনে হয়েছে এটা ভালো স্কোর। কিন্তু এটা জয়ের জন্য যথেষ্ঠ ছিল না।’ বুধবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। নিউজিল্যান্ড অধিনায়ক জানান, তারা এই ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com