শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

শুরু হতে যাচ্ছে ফুটবলের মহাযজ্ঞ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৯ বার

পয়লা জুনের সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেছে ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার সেই মাস-বিশ্বকাপের মাস। আগামী ১১ জুন থেকে মাঠে গড়াতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর, যাকে বলা হয় ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। উদ্বোধনী ম্যাচে মেক্সিকো সিটির স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।

এই আসরে আবারও একসঙ্গে দেখা যাবে প্রজন্মের তিন মহাতারকা, লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমারকে। মেসি ও রোনালদোর জন্য এটি ষষ্ঠ বিশ্বকাপ, আর নেইমারের চতুর্থ। তাদের সঙ্গে নজরে থাকছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে, যিনি তৃতীয় বিশ্বকাপে মাঠে নামতে যাচ্ছেন। আগের আসরে গোল্ডেন বুট জিতে আলোচনায় ছিলেন তিনি।

তরুণ প্রজন্মের মধ্যেও থাকবে আলাদা উত্তেজনা। ভিনিসিয়াস জুনিয়র, লামিন ইয়ামাল, জুড বেলিংহ্যাম এবং আর্লিং হালান্ডের মতো ফুটবলারদের ঘিরে প্রত্যাশা থাকবে তুঙ্গে।

বিশ্বকাপে বরাবরই কোনো না কোনো দল চমক দেখায়। গত আসরে মরক্কোর সেমিফাইনালে ওঠা যেমন বড় বিস্ময় ছিল, এবারও সেই ধারা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। জাপান, নরওয়ে ও কানাডার মতো দলগুলোকে ডার্ক হর্স হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে অভিষেকের অপেক্ষায় রয়েছে জর্ডান, উজবেকিস্তান, কেপ ভার্দে ও কুরাসাও।

চার বছরের অপেক্ষা শেষে আবারও ফিরে এসেছে এই বৈশ্বিক ফুটবল উৎসব। আগামী কয়েক সপ্তাহে নানা দেশের পতাকা, রং আর আবেগে ভরে উঠবে পুরো বিশ্ব। কারও হাতে উঠবে শিরোপা, কেউ ভাঙবে, কেউ গড়বে ইতিহাস আর সেই প্রতিটি মুহূর্তের সাক্ষী থাকবে কোটি কোটি দর্শক।

তবে এবারের বিশ্বকাপ আগের চেয়ে আরও বড় পরিসরে অনুষ্ঠিত হচ্ছে। ৪৮টি দলের অংশগ্রহণে টুর্নামেন্ট পেয়েছে নতুন কাঠামো। তিন দেশের যৌথ আয়োজনে ১৬টি ভেন্যু জুড়ে ৩৯ দিনের এই আয়োজন ফুটবলের সবচেয়ে বর্ণাঢ্য উৎসবে পরিণত হতে যাচ্ছে। স্বপ্ন, প্রতিদ্বন্দ্বিতা আর অনিশ্চয়তার এই মহাযাত্রায় আবারও এক হবে পুরো পৃথিবী ফুটবলের টানে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com