বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

হোয়াইট হাউস ছাড়ছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৩ বার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট চলতি মাসের শেষে হোয়াইট হাউসের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। পরিবার ও দুই ছোট সন্তানের সঙ্গে আরও সময় কাটাতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে জানা যায়।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, লেভিট তার ‘সবচেয়ে বিশ্বস্ত সহযোগীদের’ একজন। পরিবারের সঙ্গে সময় কাটানোর সিদ্ধান্তকে তিনি পুরোপুরি বোঝেন ও সম্মান করেন বলেও উল্লেখ করেন।

ট্রাম্প বলেন, হোয়াইট হাউস ছাড়ার পরও লেভিট তার বাইরের অন্যতম উপদেষ্টা হিসেবে কাজ করবেন এবং রিপাবলিকান পার্টির ভেতরে একজন প্রভাবশালী কণ্ঠ হয়ে থাকবেন।

২৮ বছর বয়সী লেভিট গত বছর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব নেন। এর মাধ্যমে তিনি এই পদে দায়িত্ব পালন করা ইতিহাসের সর্বকনিষ্ঠ ব্যক্তি হন। তবে তাকে কে প্রতিস্থাপন করবেন, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

গত মে মাসে স্বামী নিকোলাস রিচিওর সঙ্গে দ্বিতীয় সন্তানের মা হন লেভিট। তাদের একটি দুই বছর বয়সী ছেলেও রয়েছে। সন্তান জন্মের পর মাতৃত্বকালীন ছুটি নিয়ে গত মাসে তিনি কাজে ফিরেছিলেন।

ট্রাম্পের ঘোষণার পর এক্সে দেওয়া এক পোস্টে লেভিট বলেন, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করা তার জীবনের সবচেয়ে সম্মানজনক ও রোমাঞ্চকর অভিজ্ঞতাগুলোর একটি।

তিনি বলেন, বিশ্বের অন্যতম কঠিন দায়িত্ব পালনের পাশাপাশি মা হওয়া এবং নতুন সন্তানের জন্ম দেওয়া তার জীবনের সবচেয়ে আনন্দদায়ক, আবার সবচেয়ে চ্যালেঞ্জিং সময়ও ছিল।

লেভিট জানান, মেয়ের জন্মের পর হোয়াইট হাউসে ফিরে আসার পর তার মনে হয়েছে, প্রেস সেক্রেটারির দায়িত্ব পালনে যে বিপুল সময়, শক্তি ও মনোযোগ প্রয়োজন, তা দেওয়ার পাশাপাশি তিনি তার দুই ছোট সন্তানের জন্য যথেষ্ট ভালো মা হতে পারছেন না। এ কারণেই শেষ পর্যন্ত তিনি হোয়াইট হাউস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ট্রাম্পের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হওয়ার আগে থেকেই ট্রাম্পের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন লেভিট। ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি সহকারী প্রেস সেক্রেটারি ও বক্তৃতা লেখক হিসেবে কাজ করেন।

পরে নিউইয়র্কের রিপাবলিকান কংগ্রেস সদস্য এলিস স্টেফানিকের যোগাযোগ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

২০২২ সালে নিউ হ্যাম্পশায়ার থেকে কংগ্রেস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন লেভিট। রিপাবলিকান প্রাইমারিতে জয় পেলেও মূল নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী ক্রিস পাপাসের কাছে পরাজিত হন।

এরপর ট্রাম্প-সমর্থক তহবিল সংগ্রহকারী সংগঠন ‘মাগা ইনকরপোরেটেড’-এর মুখপাত্র হিসেবে কাজ করেন। পরে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচার শিবিরে জাতীয় প্রেস সেক্রেটারি হিসেবে যোগ দেন।

গণমাধ্যমের সঙ্গে বিতর্ক

প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনের সময় গণমাধ্যমের সঙ্গে লেভিটের সম্পর্ক অনেক সময়ই উত্তপ্ত ছিল। তিনি বিভিন্ন সাংবাদিক ও সংবাদমাধ্যমের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট এবং বামঘেঁষা হওয়ার অভিযোগ তুলেছেন।

গত বছরের ফেব্রুয়ারিতে তার দপ্তর হোয়াইট হাউসের প্রেস পুল পরিচালনার নিয়ন্ত্রণ নেয়। এর ফলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের দীর্ঘদিনের সাংগঠনিক দায়িত্ব সীমিত হয়ে যায়।

এ সময় ‘গালফ অব আমেরিকা’ নাম ব্যবহারে অস্বীকৃতি জানানোয় অ্যাসোসিয়েটেড প্রেসকেও শুরুতে হোয়াইট হাউসের প্রেস পুল থেকে বাদ দেওয়া হয়েছিল।

তবে ট্রাম্প প্রশাসনের সমর্থকদের মধ্যে লেভিট তার দৃঢ় অবস্থান এবং প্রেস ব্রিফিংয়ে প্রেসিডেন্টের নীতির জোরালো সমর্থনের জন্য ব্যাপক প্রশংসা পেয়েছেন।

ট্রাম্পের দুই মেয়াদের প্রশাসন মিলিয়ে সবচেয়ে বেশি সময় দায়িত্ব পালন করা প্রেস সেক্রেটারিদের মধ্যে লেভিট দ্বিতীয়। তার আগে রয়েছেন সাবেক প্রেস সেক্রেটারি সারাহ হাকাবি স্যান্ডার্স।

কে হবেন নতুন প্রেস সেক্রেটারি?

লেভিটের বিদায়ের পর ট্রাম্প প্রশাসনে নতুন প্রধান মুখপাত্র কে হবেন, তা এখনো পরিষ্কার নয়। চলতি বছরের শুরুতে লেভিট প্রায় সাত সপ্তাহের মাতৃত্বকালীন ছুটিতে থাকার সময় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং স্বরাষ্ট্রমন্ত্রী ডগ বার্গামসহ প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তা হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন।

হোয়াইট হাউসের সম্ভাব্য উত্তরসূরি ও নিয়োগের সময়সীমা সম্পর্কে বিস্তারিত জানতে মার্কিন সংবাদমাধ্যমগুলো প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে।

হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার লেভিটকে নিজের ঘনিষ্ঠ বন্ধু ও আদর্শ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, হোয়াইট হাউস ছাড়লেও তারা প্রতিদিনই একসঙ্গে কাজ করবেন। লেভিটের ভবিষ্যৎ নিয়ে তিনি আশাবাদী বলেও মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com