সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি প্রবাসী নিহত, আহত ১

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৩ বার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একটি রেস্তোরাঁয় গুলিতে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত ব্যক্তির নাম ইউসুফ রাজু। তার বয়স ৪৪ বছর। আহত বাংলাদেশির নাম রাসেল (৩৯)। স্থানীয় সময় রোববার ভোরে নিউইয়র্কের ব্রুকলিন বরোর একটি রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে। এলাকাটিতে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি প্রবাসী বসবাস করেন।

পুলিশ জানিয়েছে, নিহত রাজুর মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ওয়ান ব্রুকলিন হেলথ-ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতাল মেডিকেল সেন্টারে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাসেলের পায়ে গুলি লেগেছে এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

ব্রুকলিনের ৮৪২ রকঅ্যাওয়ে অ্যাভিনিউয়ের আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিজা রেস্তোরাঁয় এ হামলা হয়। হামলার পর অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। গুলির ঘটনায় কারা জড়িত এবং হামলার উদ্দেশ্য কী ছিল, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। রোববার রাত ৯টা পর্যন্ত নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

ব্রুকলিনের নোয়াখালী প্রবাসী কমিউনিটির নেতা শহীদুল্লাহ কাওসারের বরাত দিয়ে জানা গেছে, রেস্তোরাঁয় এক ক্রেতা বিল পরিশোধ না করে চলে যাওয়ার চেষ্টা করছিলেন। রাজু ও রাসেল তাকে বাধা দিলে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ওই ব্যক্তি বন্দুক বের করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যান বলে জানান তিনি।

নিহত ইউসুফ রাজুর বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার কাংশনগরে। প্রায় তিন বছর আগে দালালের মাধ্যমে ৩০ লাখ টাকা খরচ করে মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন তিনি। পরে দেশটিতে রাজনৈতিক আশ্রয় ও স্থায়ী বসবাসের আবেদন করেন। তার স্ত্রী, তিন সন্তান, ভাই-বোন ও বাবা-মা বাংলাদেশে থাকেন।

আহত রাসেলও নোয়াখালীর বাসিন্দা। তিনিও বিপুল অর্থ ব্যয় করে দালালের মাধ্যমে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন বলে জানিয়েছেন স্থানীয় প্রবাসী নেতারা।

নোয়াখালী সোসাইটির নেতা নজমুল হক মানিক জানিয়েছেন, রাজুর পরিবারের সদস্যরা বাংলাদেশ থেকে ফোন করে তার মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করতে অনুরোধ করেছেন। নিহতের মরদেহ দেশে ফেরত পাঠানোর বিষয়ে প্রবাসী কমিউনিটির পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com