

ব্যাংকখাতের খেলাপি ঋণ কমার কোনো লক্ষণ নেই। বরং তিন মাসের ব্যবধানে আরও প্রায় ১৮ হাজার কোটি টাকা বেড়ে দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকার সীমা ছাড়িয়েছে। ফলে ব্যাংকগুলোর ঋণ আদায়, সুশাসন ও আর্থিক শৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন শেষে ব্যাংকখাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ এখন খেলাপি। এর তিন মাস আগে, গত মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা, যা মোট ঋণের ৩২ দশমিক ২৬ শতাংশ। অর্থাৎ মাত্র তিন মাসে ব্যাংকখাতে খেলাপি ঋণ বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা। শতাংশের হিসাবে খেলাপি ঋণের হারও বেড়েছে শূন্য দশমিক ৫২ শতাংশীয় পয়েন্ট।
এর আগে গত ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা। সেই হিসাবে চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংকখাতে খেলাপি ঋণ বেড়েছে ৪৯ হাজার ৩৩৮ কোটি টাকা।
ব্যাংকখাতের জন্য খেলাপি ঋণের এই ক্রমবর্ধমান চাপ এখন শুধু কয়েকটি দুর্বল ব্যাংকের সমস্যা নয়; বরং পুরো আর্থিক ব্যবস্থার জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। কারণ খেলাপি ঋণ বাড়লে ব্যাংকগুলোর নতুন ঋণ দেওয়ার সক্ষমতা কমে, মুনাফা ও মূলধনের ওপর চাপ বাড়ে এবং আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়।