

ফেনীর মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পেছন থেকে ইউনিক পরিবহনের একটি বাসের ধাক্কায় চালক-হেলপারসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
আজ শুক্রবার সকাল ৭টার দিকে ফেনীর ছাগলনাইয়া থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে পুরাতন মুহুরীগঞ্জ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।ফালিলপুর হাইওয়ে থানা পুলিশ জানায়, দুর্ঘটনাস্থলে একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে ছিল। পরবর্তীতে সেটি সরানোর জন্য একটি লং ভেহিকেলের সহায়তা নেওয়া হচ্ছিল। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বাস দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের চালক ও হেলপার ও বাসের চালক গুরুতর আহত হন। খবর পেয়ে ফালিলপুর হাইওয়ে থানার মোবাইল টিম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানেচিকিৎসক কাভার্ডভ্যানের চালক, হেলপার ও বাসের চালকসহ তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফাজিলপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবু নোমান জানান, চট্টগ্রামমুখী লেনে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ে। পরে একটি লং ভেহিক্যালের সঙ্গে কাভার্ড ভ্যানটি বেঁধে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা ইউনিক পরিবহণের একটি বাস কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক ও হেলপার এবং ইউনিক পরিবহনের বাসচালক নিহত হন। আহত একজনকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফাজিলপুর হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত তিনটি গাড়ি জব্দ করা হয়েছে।