সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

আ. লীগ আমলের ৬ ক্ষমতাধর ব্যক্তির বিরুদ্ধে দুদকের বড় পদক্ষেপ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার

সাবেক সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, মন্ত্রী ও প্রভাবশালী ব্যবসায়ীসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থ পাচারের অভিযোগে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাবেক মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস এবং ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলিউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে চলমান তদন্তের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দুদক।

পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়াকিটকি ক্রয়ে দুর্নীতির বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিদেশে পাচার সম্পদ জব্দে যথাক্রমে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই ও আইল অব ম্যান কর্তৃপক্ষের কাছ থেকে বড় ধরনের সহযোগিতা পেয়েছে দুদক।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে কমিশন ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাবেক মুখ্য সচিব এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. আহমেদ কায়কাউসের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি বর্তমানে চলমান ‘আদানি পাওয়ার লিমিটেড ও বাংলাদেশ সরকারের মধ্যে বিদ্যুৎ ক্রয় চুক্তির অনিয়ম ও দুর্নীতির অভিযোগ’-এর সঙ্গে সংযুক্ত করে বিস্তারিত অনুসন্ধান চালানোর সুপারিশ করেছে কমিশন।

একই সঙ্গে ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলিউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে জমি দখল, নিয়োগ ও দলীয় পদ বাণিজ্য এবং বিভিন্ন অনিয়মের মাধ্যমে হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ খতিয়ে দেখছে দুদক।

কমিশন তার ও তার পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের এই অভিযোগটি দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে তদন্তাধীন একটি মামলার সঙ্গে সংযুক্ত করে তদন্ত করার সুপারিশ করেছে।

এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ওয়াকিটকি ক্রয়ে বড় ধরনের অনিয়ম ও রাষ্ট্রীয় অর্থ অপচয়ের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এই তদন্তের জন্য ইতোমধ্যে অনুসন্ধানকারী ও তদারককারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

দুদকের অভিযোগে বলা হয়েছে, কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও একটি দেশীয় প্রতিষ্ঠানকে ওয়াকিটকি ক্রয়ের কাজ দেওয়া হয়েছে, যেখানে ওই প্রতিষ্ঠানটি একটি চীনা কোম্পানির সনদ ব্যবহার করেছে। অন্যান্য সরকারি সংস্থার তুলনায় কয়েকগুণ বেশি দামে ওয়াকিটকি কিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্যে এসব করেছেন।

উল্লেখ্য, এই দুর্নীতির প্রেক্ষিতে ২০২৫ সালের ১৭ আগস্ট দুদকের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযানও পরিচালনা করা হয়েছিল।

এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুক্ষ্মীলা জামানের যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ সম্পদ এবং ব্যাংক ও ব্যবসাসংক্রান্ত রেকর্ড জব্দ ও বাজেয়াপ্ত করার প্রক্রিয়াতেও বড় অগ্রগতি হয়েছে। পারস্পরিক আইনি সহায়তার আবেদন বা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্টের (এমএলএআর) মাধ্যমে মার্কিন সেন্ট্রাল অথরিটির অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের (ওআইএ) কাছে সহায়তা চাওয়া হয়েছিল। সেই অনুরোধের পরিপ্রক্ষিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ইতোমধ্যে এ সংক্রান্ত একটি প্রতিবেদন দুদকে পাঠিয়েছে।

অন্যদিকে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, নাসরিন ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তি এবং ওয়ান প্রোপার্টি লিমিটেডের বিরুদ্ধে আইল অব ম্যানে পাঠানো এমএলএআরের সব কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। আইল অব ম্যান কর্তৃপক্ষ দুদকের পাঠানো আবেদনটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করেছে এবং অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তির সব সম্পত্তি আইল অব ম্যান কর্তৃপক্ষ ফ্রিজ বা অবরুদ্ধ করেছে বলে কমিশনকে নিশ্চিত করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com