মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

ইয়েমেনের কারাগারে সৌদি বিমান হামলার অভিযোগ, নিহত ৭

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার

ইয়েমেনের উত্তরাঞ্চলীয় আল-জাওফ প্রদেশের আল-হাজম শহরের একটি কারাগারে সৌদি আরব বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। তাদের দাবি, হামলায় সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। আহত হয়েছেন অন্তত আরও সাতজন। খবর আল জাজিরা।

সোমবার হুতিদের পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি এ তথ্য জানান। তিনি বলেন, সৌদি সীমান্তসংলগ্ন ইয়েমেনের আল-জাওফ প্রদেশে অবস্থিত সেন্ট্রাল কারেক্টিভ ফ্যাসিলিটিতে হামলাটি চালানো হয়।

হুতিদের গণমাধ্যম আল-মাসিরাহ টেলিভিশন হামলার পরের দৃশ্যের ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে একটি ভবনের ধ্বংসাবশেষ এবং ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীদের তল্লাশি চালাতে দেখা যায়। তবে হামলার অভিযোগ নিয়ে সৌদি আরব এখনো কোনো মন্তব্য করেনি।

এদিকে আল-মাসিরাহ টিভি আরও একটি ভিডিও প্রকাশ করেছে। তাদের দাবি, এতে হুতি বাহিনী ইয়েমেনের হাদরামাউত প্রদেশের একটি সীমান্ত ক্রসিংয়ে সামরিক সরঞ্জাম বহনকারী সৌদি সরবরাহ ট্রাকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দৃশ্য রয়েছে।

হুতি মুখপাত্র ইয়াহইয়া সারি সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনে ‘গণহত্যা’ চালানোর অভিযোগ করেন। তিনি বলেন, সৌদি বাহিনী আল-জাওফে গোয়েন্দা ড্রোন ওড়ানোর পাশাপাশি ভাড়াটে যোদ্ধাদের অস্ত্র সরবরাহ করছে।

সারি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইয়েমেনের বিরুদ্ধে চলমান সৌদি আগ্রাসনের জবাব দেওয়া হবে এবং ইয়েমেনের জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধের পরিণতি সৌদি শত্রুকে বহন করতে হবে।’

তিনি আরও দাবি করেন, গত ২৪ ঘণ্টায় হুতিরা সৌদি আরবের চারটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে একটি ছিল সিএইচ-৪ ড্রোন, যা আল-জাওফে ‘শত্রুতামূলক অভিযান’ পরিচালনা করছিল বলে দাবি করেন তিনি। সারির ভাষ্য অনুযায়ী, গত ১২ ঘণ্টায় এই ধরনের দ্বিতীয় এবং গত ২৪ ঘণ্টায় চতুর্থ ড্রোন ভূপাতিত করা হয়েছে।

হুতিদের এসব অভিযোগ এমন এক সময়ে সামনে এলো, যখন সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে তাদের লড়াই আবারও তীব্র হয়েছে। রবিবার ইয়েমেন সরকার দাবি করে, তারা আল-জাওফ, আল-বাইদা, দাহলে ও মারিবসহ কয়েকটি প্রদেশে হুতিদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ ভূখণ্ড পুনর্দখল করেছে।

গত কয়েক দিন ধরে সরকারপন্থী বাহিনী তাইজ ও হোদেইদাহ এলাকায় পাল্টা অভিযানও চালিয়েছে। এর আগে হুতিরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মানদাব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষে বড় ধরনের অভিযান শুরু করেছিল। এতে গত ২৪ ঘণ্টায় শত শত মানুষ নিহত হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের ইয়েমেনবিষয়ক বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ। সোমবার তিনি সংঘাতের সব পক্ষকে অবিলম্বে শত্রুতা বন্ধ এবং সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান। সাম্প্রতিক এই উত্তেজনা পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নিতে পারে বলেও সতর্ক করেন তিনি।

ইয়েমেনের প্রায় এক দশকের যুদ্ধে কারাগারে বিমান হামলার ঘটনা অবশ্য নতুন নয়। ২০২২ সালে সৌদি নেতৃত্বাধীন জোট সাদা প্রদেশের একটি আটককেন্দ্রে হামলা চালালে অন্তত ৮৭ জন বন্দি নিহত এবং প্রায় ২৬৬ জন আহত হন বলে জানা যায়। এর আগে ২০১৯ সালে দামার প্রদেশে হুতিদের নিয়ন্ত্রণাধীন একটি আটককেন্দ্রে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com