

দেশব্যাপী সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সমন্বিত এই অভিযান সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনা করতে এলিট ফোর্স র্যাব-কে প্রধান সমন্বয়কারী সংস্থা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
একই সঙ্গে হারানো অস্ত্রের সঠিক তথ্য দিয়ে যৌথ অভিযানকে সহায়তা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রেখে নিরাপদে পুরস্কার প্রদান করা হবে বলেও জানিয়েছে র্যাব।
আজ মঙ্গলবার বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকর্মীদের এ বিষয়ে অবহিত করে তথ্য ও সংবাদ পরিবেশনে সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।
র্যাব জানিয়েছে, হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে গোপনে ও নিরাপদে পুরস্কার দেওয়া হবে। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।
তথ্য দিতে র্যাবের হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে। নম্বরগুলো হলো- ০১৭৭৭৭১১৪৪১, ০১৭৭৭৭১১৪৪২, ০১৭৭৭৭১১৪৪৩, ০১৭৭৭৭১১৪৪৪ এবং ০২৫৫৬৬৯৯৯৯। এ ছাড়া এসব নম্বরে ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ভাইবার ব্যবহার করেও যোগাযোগ করা যাবে।
জনস্বার্থে ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ তথ্যগুলো বহুল প্রচারের জন্য গণমাধ্যমগুলোকে অনুরোধ জানিয়েছে র্যাব ফোর্সেস।