বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গতকাল রাতে গ্রহণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এর মধ্য দিয়ে বৈশ্বিক পরিসরে বাংলাদেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়ন অগ্রাধিকার তুলে ধরার একটি বড় সুযোগ সৃষ্টি হয়েছে।

চলতি মাসের শেষ দিকে বার্ষিক উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিভিন্ন দেশের নেতারা নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সমবেত হবেন বলে আশা করা হচ্ছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ১৯৩টি সদস্য রাষ্ট্রের বিশ্বনেতারা একত্রিত হবেন। বৈশ্বিক সহযোগিতা পুনরুজ্জীবিত করা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে গুরুত্বপূর্ণ গতি সঞ্চার এবং শান্তি, মর্যাদা ও সমতা প্রতিষ্ঠায় একটি সুস্থ-সবল গ্রহের জন্য সম্মিলিত পদক্ষেপ গ্রহণ হবে এ অধিবেশনের অন্যতম প্রধান লক্ষ্য।

২২ থেকে ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সাধারণ বিতর্কে সাধারণ পরিষদের অধিবেশন শুরুর সময় সদস্য রাষ্ট্রগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানরা বিশ্বজুড়ে বিদ্যমান জটিল ও আন্তঃসম্পর্কিত চ্যালেঞ্জের প্রেক্ষাপটে নিজ নিজ দেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরবেন।

‘আস্থা পুনরুদ্ধার, পরিবর্তন ব্যবস্থাপনা : সবার জন্য কার্যকর একটি জাতিসংঘ’— এই প্রতিপাদ্য সামনে রেখে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করবেন ড. খলিলুর রহমান। আগামী এক বছরের জন্য তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল বৈশ্বিক বহুপাক্ষিক ফোরাম সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার রাতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপনী অনুষ্ঠান এবং ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতির আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে ড. খলিলুর রহমান গণমাধ্যমের সঙ্গে ব্রিফিংয়ে অংশ নেন। এ সময় তিনি সাধারণ পরিষদের সভাপতি হিসেবে আগামী অধিবেশনে জাতিসংঘের কার্যক্রম পরিচালনা ও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। শপথ গ্রহণের পর বুধবার রাত ১টায় তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি বৈঠকে সভাপতিত্ব করবেন। ৮১তম অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর আগে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সোমবার নিউইয়র্কে ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও জাতিসংঘের অন্যান্য সংস্থা ড. খলিলুর রহমানকে এ গুরুত্বপূর্ণ বৈশ্বিক নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করায় উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। জাতিসংঘের কার্যপ্রণালি বিধির ৩০ নম্বর বিধি অনুযায়ী এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রচলিত আঞ্চলিক রোটেশন বা পালাক্রমিক ব্যবস্থার আওতায় সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গ্রুপ থেকে নির্বাচিত হন।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, জাতিসংঘ সনদ শুরু হয়েছে তিনটি সহজ শব্দ দিয়ে— ‘আমরা জনগণ’। আমরা ক্ষমতাবানরা নই, আমরা বিজয়ীরা নই— আমরা জনগণ। আমরা সবাই একটি অভিন্ন বিশ্বাসে আবদ্ধ যে, আমরা যখন একসঙ্গে থাকি, তখন আমরা আরও নিরাপদ, আরও শক্তিশালী এবং আরও মানবিক হয়ে ওঠি।

জাতিসংঘ সদর দপ্তর জানিয়েছে, সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আবারও বিশ্বনেতারা একত্রিত হবেন বৈশ্বিক সহযোগিতা পুনরুজ্জীবিত করতে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ গতি সঞ্চার করতে এবং একটি সুস্থ গ্রহে শান্তি, মর্যাদা ও সমতার জন্য সম্মিলিত পদক্ষেপ এগিয়ে নিতে। এবারের অধিবেশনে কার্যকর পদক্ষেপ ও সমাধানের বিষয়গুলো তুলে ধরতে দুটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম বিশেষভাবে গুরুত্ব পাবে।

এর মধ্যে একটি হলো জাতিসংঘের গ্লোবাল কমিউনিকেশনস বিভাগের উদ্যোগে আয়োজিত ‘এসডিজি মিডিয়া জোন’। ২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজিত এ প্ল্যাটফর্মে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের বিভিন্ন সমাধান নিয়ে গতিশীল সাক্ষাৎকার ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। অন্যটি হলো ‘গোলস লাউঞ্জ’। জাতিসংঘের উপমহাসচিবের উদ্যোগে এবং ইউএন অফিস ফর পার্টনারশিপসের আয়োজনে ১৪ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এটি অনুষ্ঠিত হবে। সেখানে গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু নিয়ে সরাসরি ও অনানুষ্ঠানিক সংলাপ, গভীরতর আলোচনা এবং ইন্টার‌্যাকটিভ বিভিন্ন কার্যক্রম থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com