

বুধবার সকাল থেকেই রাজধানী ঢাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। এর মধ্যে আকাশ রয়েছে মেঘে ঢাকা। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ ঢাকাসহ আশপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে সাময়িকভাবে মেঘলা আকাশ দেখা দিতে পারে আরও বিস্তৃতভাবে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার গতিতে বাতাস বয়ে যেতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী সময়ের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছিল, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় অস্থায়ীভাবে দমকা হাওয়াও বয়ে যেতে পারে। রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গাতেও একই ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থানে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।
অন্যদিকে, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, চাঁদপুর, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সাতক্ষীরা, খুলনা, বরিশাল ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে বৃষ্টির কারণে এসব এলাকার কিছু জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি কমে আসতে পারে। সারাদেশে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী সময়ের পূর্বাভাসে আরও বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে অস্থায়ী দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায়ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
এ ছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে।