রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
পাকিস্তানে বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি জাতিসংঘ সফর : বিশ্বমঞ্চে বাংলাদেশের আত্মবিশ্বাস সর্বোচ্চ শিখরে পৌঁছেছে: মাহ্দী আমিন স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি প্রত্যাহার, গ্রেপ্তার ৯ সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আ. লীগ নেত্রী বকুল গ্রেপ্তার রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের পর শাহ আলী থানার ওসি প্রত্যাহার নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত নিউইয়র্ক-নিউ জার্সি, জরুরি অবস্থা এবার সালমান মুক্তাদিরের স্টুডিওতে সশস্ত্র হামলা ডিএমপির অভিযানে গ্রেপ্তার আরো ৫০৬

স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি প্রত্যাহার, গ্রেপ্তার ৯

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার

রাজধানীর মিরপুরে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।

প্রত্যাহারের পর ওসি জাহাঙ্গীর আলমকে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। গতকাল শনিবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, ঢাকায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলমকে প্রশাসনিক কারণে ২৬ সেপ্টেম্বর বিকেলে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত (ক্লোজড) করা হলো।

আদেশে জাহাঙ্গীর আলমকে শাহ আলী থানার অফিসার ইনচার্জ হিসেবে উল্লেখ করে তার নতুন কর্মস্থল হিসেবে কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর নির্ধারণ করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জানা যায়, শুক্রবার রাত ১২টার দিকে মুখোশধারী ২০০-২৫০ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা চালায়। হামলাকারীরা সেখানকার নিরাপত্তাকর্মীদের হাত-পা বেঁধে ও জিম্মি করে প্রতিষ্ঠানটির একটি পাকা ভবন এবং তিনটি সেমিপাকা ভবন পুরোপুরি গুঁড়িয়ে দেয়। পরবর্তীতে ধ্বংসস্তূপের ওপর ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়।

সংস্থাটির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতারের অভিযোগ, হামলাকারীরা সরকারি ইপিআই টিকা, টিকাদানের গুরুত্বপূর্ণ রেজিস্টার, নগদ প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা এবং ৪৫ লাখ টাকা মূল্যের আলট্রাসনোগ্রাম মেশিন নিয়ে যায়। এ ছাড়া জেনারেটর, ফ্রিজ, এসি, সিসিটিভি ক্যামেরা, ফাইল কেবিনেট, ল্যাবরেটরি সামগ্রী, কম্পিউটার ও ল্যাপটপসহ বিপুল আসবাবপত্র লুট করা হয়। শুধু মালামাল ও যন্ত্রপাতির আর্থিক ক্ষতির পরিমাণ অন্তত দেড় কোটি টাকা।

তাদের আরও অভিযোগ, হামলার সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনার পর থেকে মূল স্থাপনা হারিয়ে খোলা আকাশের নিচে ত্রিপল টানিয়েই প্রসূতি নারী ও শিশুদের টিকা এবং জরুরি স্বাস্থ্যসেবা প্রদান অব্যাহত রাখেন স্বাস্থ্যকর্মীরা।

এ ঘটনায় পরদিন স্বাস্থ্যকেন্দ্রটির নির্বাহী পরিচালক নাসরিন আখতার শাহ আলী থানায় মামলা করেন। মামলায় হানিফ মিয়া নামে একজনকে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও প্রায় ২৫০ জনকে আসামি করা হয়েছে।

এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি মিডিয়া আ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার আখতার হোসেন।

আজ রোববার এক বার্তায় তিনি বলেন, স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা ও লুটপাটের ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের পাশাপাশি লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান চলছে। জড়িত অন্যদের গ্রেপ্তার এবং লুট হওয়া বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি বাংলাদেশ সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে প্রায় ৫০ বছর ধরে মিরপুর এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা ও শিশুদের নিয়মিত টিকাদান সেবা দিয়ে আসছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com