বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

ফ্রিজে ধনেপাতা দ্রুত নেতিয়ে পড়ে কেন, সতেজ রাখবেন যেভাবে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১২ বার

বাজার থেকে টাটকা ধনেপাতা কিনে ফ্রিজে রাখার পর অনেক সময় দেখা যায়, অল্প সময়ের মধ্যেই পাতাগুলো নেতিয়ে পড়েছে। কখনো পাতা হলুদ হয়ে যায়, আবার কখনো পিচ্ছিল হয়ে নষ্ট হতে শুরু করে।

অথচ সঠিকভাবে সংরক্ষণ করলে ধনেপাতা তুলনামূলক বেশি সময় সতেজ রাখা সম্ভব।ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে ধনেপাতা দ্রুত নেতিয়ে পড়ার কারণ ও তা সতেজ রাখার উপায় তুলে ধরা হয়েছে। এ বিষয়ে কথা বলেছেন ডিগা অর্গানিকসের খাদ্য ইতিহাস ও বিজ্ঞানবিষয়ক বিশেষজ্ঞ অলোক সিং।

ফ্রিজে ধনেপাতা দ্রুত নেতিয়ে পড়ে কেন?

অলোক সিংয়ের মতে, ধনেপাতা দ্রুত নেতিয়ে পড়ার প্রধান কারণ হলো এর আর্দ্রতা হারানো।

ধনেপাতার পাতা পাতলা, ডাঁটা নরম এবং এর পৃষ্ঠতলের তুলনায় ভর কম। ফলে পাতা ও ডাঁটা থেকে সহজেই পানি বেরিয়ে যায়। গাজর বা বাঁধাকপির মতো সবজির তুলনায় ধনেপাতা এ কারণে দ্রুত সতেজতা হারাতে পারে।গাছ থেকে ধনেপাতা তুলে ফেলার পর শিকড়ের মাধ্যমে পানি শোষণের সুযোগ থাকে না।

তবে পাতা ও ডাঁটা থেকে ক্ষুদ্র ছিদ্রের মাধ্যমে পানি বের হতে থাকে। পাতার কোষে পানির পরিমাণ কমে গেলে কোষের ভেতরের চাপও কমে যায়। ফলে পাতা ঝুলে পড়ে, কুঁচকে যায় এবং সতেজতা হারায়।ফ্রিজে রাখলে অনেক জৈবিক প্রক্রিয়া ধীর হয়ে যায়। কিন্তু এতে ধনেপাতা থেকে পানি বের হওয়া পুরোপুরি বন্ধ হয় না।

ফ্রিজের পরিবেশ কীভাবে প্রভাব ফেলে?

ফ্রিজের ঠান্ডা বাতাসও ধনেপাতা নেতিয়ে পড়ার অন্যতম কারণ হতে পারে। বিশেষ করে যেসব ফ্রিজে বরফ জমা ঠেকাতে বাতাস চলাচল করে, সেগুলোতে সুরক্ষা ছাড়া ধনেপাতা রাখলে দ্রুত আর্দ্রতা হারাতে পারে। সরাসরি ঠান্ডা বাতাসের সংস্পর্শে থাকলে এই সমস্যা আরও বাড়তে পারে।

অন্যদিকে, পাতার গায়ে অতিরিক্ত পানি জমে থাকলে জীবাণুর বৃদ্ধি ঘটতে পারে। এতে ধনেপাতা হলুদ হয়ে যাওয়া, পিচ্ছিল হওয়া কিংবা পচে যাওয়ার আশঙ্কা বাড়ে। অর্থাৎ অতিরিক্ত শুকনো পরিবেশ যেমন ক্ষতিকর, তেমনি অতিরিক্ত ভেজা অবস্থায় রাখলেও ধনেপাতা দ্রুত নষ্ট হতে পারে।

ধনেপাতা কেনার সময় সেটি কতটা সতেজ, সেটিও গুরুত্বপূর্ণ। অনেক আগে তোলা পাতা কিংবা পরিবহনের সময় গরম ও সরাসরি রোদে থাকা ধনেপাতা বাজারে পৌঁছানোর আগেই আর্দ্রতা হারাতে পারে। এ ছাড়া পাতা ও ডাঁটা ক্ষতিগ্রস্ত হলে সেখান থেকেও দ্রুত পানি বেরিয়ে যায়। ফলে ফ্রিজে রাখার পর সেগুলো আরও দ্রুত নেতিয়ে পড়তে পারে।

ধনেপাতা সতেজ রাখবেন যেভাবে

ধনেপাতা দীর্ঘ সময় ভালো রাখতে প্রথমে পচে যাওয়া বা ক্ষতিগ্রস্ত পাতাগুলো বেছে ফেলে দিন। এরপর পাতাগুলো খুব ভেজা থাকলে অতিরিক্ত পানি ঝরিয়ে নিন। সংরক্ষণের আগে পাতার গায়ে পানি জমে থাকা এড়িয়ে চলুন।

এরপর পরিষ্কার, সামান্য শুকনো কাগজের তোয়ালে দিয়ে ধনেপাতার গোছাটি আলতোভাবে মুড়িয়ে নিন। সেটি খাবার রাখার উপযোগী ছিদ্রযুক্ত ব্যাগে বা পুরোপুরি বায়ুরোধী নয়—এমন ব্যাগে রেখে ফ্রিজে সংরক্ষণ করুন। এতে প্রয়োজনীয় আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করবে এবং পাতার চারপাশে অতিরিক্ত পানি জমার ঝুঁকিও কমবে।

ধনেপাতা ফ্রিজের ঠান্ডা বাতাস বের হওয়ার মুখের ঠিক সামনে রাখবেন না। এমন জায়গায়ও রাখবেন না, যেখানে পাতা জমে বরফ হয়ে যেতে পারে।

ধনেপাতা সতেজ রাখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আর্দ্রতার ভারসাম্য বজায় রাখা। অতিরিক্ত শুকিয়ে যাওয়া এবং ভেজা অবস্থায় আটকে থাকা—দুই পরিস্থিতিই এড়িয়ে চললে ধনেপাতা তুলনামূলক বেশি সময় ভালো রাখা সম্ভব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com