

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় পরাজয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ বা ‘মাগা’ আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। একসময় ট্রাম্পকে আন্দোলনের সবচেয়ে বড় শক্তি মনে করা সমর্থকদের কেউ কেউ এখন তাকেই দলের পরাজয়ের জন্য দায়ী করছেন।
টেক্সাসের ডালাসে রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনের নির্বাচনি অনুষ্ঠানে জয়ের উদ্যাপনের আশা নিয়ে জড়ো হয়েছিলেন ট্রাম্পের সমর্থকেরা। কিন্তু পরাজয়ের পর তাদের অনেকেই হতাশ হয়ে ফিরে যান। সেখানে ট্রাম্পের তিনবারের ভোটার ও ব্যবসায়ী মাইকেল লিটল বলেন, ‘মানুষ ট্রাম্পের ওপর ক্ষুব্ধ। ট্রাম্পই আমাদের ডুবিয়েছেন।’ জ্বালানির বাড়তি দাম, ইরান যুদ্ধ এবং ওয়াশিংটনের দুর্নীতি নিয়ে অসন্তোষের কারণে ভোটাররা রিপাবলিকানদের প্রত্যাখ্যান করেছেন বলে মনে করছেন অনেকে। ফলে শুধু নির্বাচনি পরাজয় নয়, ট্রাম্পের গড়ে তোলা রাজনৈতিক আন্দোলনটিও বড় সংকটে পড়েছে। নির্বাচনে হারের পরও নিজের অবস্থান বদলাননি ট্রাম্প। বরং শুক্রবার অভিবাসনবিরোধী কঠোর নীতির অন্যতম রূপকার স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ পদে নিয়োগ দিয়েছেন তিনি। এ সিদ্ধান্তকে মাগা আন্দোলনের কট্টর সমর্থকেরা স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এতে আন্দোলনের মূল অভিবাসনবিরোধী অবস্থান আরও জোরালো হবে। তবে আন্দোলনের ভেতরে মতভেদ বাড়ছে। কেউ চাইছেন, মাগা আবারও জনতুষ্টিবাদী ও জাতীয়তাবাদী আদর্শে ফিরে যাক। কেউ চান, আন্দোলনটি যেন শুধু একজন নেতার ওপর নির্ভরশীল না থাকে। আবার কেউ কেউ মনে করছেন, মাগা আন্দোলনের অবসান ইতিমধ্যেই শুরু হয়েছে। ট্রাম্পের সাবেক উপদেষ্টা ও মাগা আন্দোলনের প্রভাবশালী সমর্থক স্টিভ ব্যানন বলেছেন, আন্দোলনকে নতুন করে গড়ে তুলতে হবে। তার মতে, জনতুষ্টিবাদী ও জাতীয়তাবাদী কর্মসূচিতে আরও জোর দেওয়া প্রয়োজন। রয়টার্সের জন্য করা সামাজিক যোগাযোগমাধ্যমের এক বিশ্লেষণে দেখা গেছে, মাগা সমর্থকদের মধ্যে ২০ শতাংশের বেশি আন্দোলনের নেতৃত্ব ও ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তাদের প্রায় অর্ধেক আন্দোলনটির প্রতি সমর্থন রাখলেও নেতা হিসেবে ট্রাম্পকে আর সমর্থন করছেন না। অন্য অংশটি ট্রাম্পের প্রতি অনুগত থাকলেও তার সমালোচনা করছে।
নির্বাচনের পর রিপাবলিকান দলের কয়েকজন নেতাও ট্রাম্পের সমালোচনা শুরু করেছেন। সিনেটর রন জনসন সরকারের বিভিন্ন পর্যায়ে দুর্নীতির অভিযোগ তুলে বলেছেন, ট্রাম্প প্রশাসনেও দুর্নীতি রয়েছে। আর রিপাবলিকান কংগ্রেস সদস্য মার্লিন স্টুটজম্যান স্টিফেন মিলারকে চিফ অব স্টাফ করার সিদ্ধান্তকে ভুল বলেছেন। সূত্র: রয়টার্স