মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১২ বার
দেশব্যাপী ছাত্রধর্মঘট পালনের ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল থেকে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার, ৭টি মোটরসাইকেল জব্দ এবং ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া মোড়ে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে লগি-বৈঠা নিয়ে বেশকিছু নেতা-কর্মী জড়ো হন। তারা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তাদের সঙ্গে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও যোগ দিয়ে লগি-বৈঠার মিছিল বের করেন।

 

পুলিশ মিছিলে বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে তীব্র ধাওয়া-পাল্টাধাওয়ার সূচনা হয়। একপর্যায়ে উত্তেজিত নেতা-কর্মীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরে নেতা-কর্মীরা টুঙ্গিপাড়া মোড়সহ আশপাশের এলাকায় লগি-বৈঠা হাতে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রাখেন। এ ঘটনার পর গোপালগঞ্জ থেকে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাঠানো হয়। টুঙ্গিপাড়ায় এখনও থমথমে উত্তেজনা বিরাজ করছে।

 

সোমবার (৯ নভেম্বর) রাতেও গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ব্যাপক ককটেল বিস্ফোরণ ও মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে। শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিসের দেয়াল এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটান নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা। এতে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়।

 

একই রাতে বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়। এ ছাড়া কোটালীপাড়াতেও মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

 

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, সোমবার রাতের সহিংসতার পর পুলিশ ৮ জনকে গ্রেপ্তার, ৭টি মোটরসাইকেল জব্দ এবং ১৫টি ককটেল উদ্ধার করেছে। বর্তমানে জেলা জুড়ে সর্বোচ্চ নিরাপত্তা বজায় রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com