

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলজুড়ে ভারী বৃষ্টি ও বন্যার পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। ছুটির মৌসুমের ঝড়ের পর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়া কয়েক লাখ গ্রাহকের সংযোগও ধীরে ধীরে ফিরিয়ে আনা হচ্ছে।
ঝড়ের কারণে যান চলাচল ব্যাহত হয়েছে, উপড়ে পড়েছে অসংখ্য গাছ এবং বিদ্যুতের খুঁটি ও তার ক্ষতিগ্রস্ত হয়েছে। নিউইয়র্ক থেকে ভার্জিনিয়া পর্যন্ত একাধিক অঙ্গরাজ্যে পানিবন্দি মানুষকে উদ্ধারের ঘটনাও ঘটেছে।
নিউইয়র্ক শহরে শনিবারের ম্যাসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড আয়োজনের প্রস্তুতি চলছিল। বৃষ্টি ও প্রবল বাতাসের কারণে নজিরবিহীনভাবে প্যারেডটি পেছাতে বাধ্য হওয়ার পর নতুন করে প্রস্তুতি শুরু হয়েছে।
প্রতি বছর থ্যাংকসগিভিং ডে উপলক্ষে আয়োজিত এই বর্ণাঢ্য শোভাযাত্রায় ম্যানহাটনের প্রাণকেন্দ্র দিয়ে বিশাল আকৃতির রঙিন বেলুন নিয়ে যাওয়া হয়। যুক্তরাষ্ট্রে ছুটির মৌসুমের কেনাকাটার সূচনাও হয় এই আয়োজনের মধ্য দিয়ে।
আয়োজকেরা জানিয়েছেন, আগের মতো একই বেলুন ও সাজানো যানবাহন প্যারেডে অংশ নেবে। মূলত যেসব তারকা অংশ নেওয়ার কথা ছিল, তাদের অধিকাংশের উপস্থিতিও নিশ্চিত রয়েছে।
অন্যদিকে, দক্ষিণে টেনেসি উপত্যকা পর্যন্ত ভেজা তুষারপাত হয়েছে। উত্তর নিউ ইংল্যান্ডজুড়ে বয়ে গেছে হিমশীতল বৃষ্টি। মধ্য-পশ্চিমাঞ্চলের ওহাইও উপত্যকা ও নিম্নাঞ্চলীয় গ্রেট লেকসের আশপাশের এলাকাগুলোতেও ঠান্ডা বৃষ্টির খবর পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলজুড়ে আবহাওয়ার উন্নতি হওয়ার পূর্বাভাস থাকলেও জাতীয় আবহাওয়া দপ্তর সতর্ক করে বলেছে, ‘এই বিশাল ঝড়ব্যবস্থার শক্তি কমতে কিছুটা সময় লাগবে।’
দপ্তরটি আরও জানিয়েছে, পূর্ব উপকূলে ঝড় বয়ে আনা নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর-পূর্ব দিকে সরে যাবে। তবে শনিবার পর্যন্ত বিভিন্ন স্থানে বৃষ্টিপাত এবং বিচ্ছিন্নভাবে হিমশীতল বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
নিউ জার্সি থেকে ভার্জিনিয়া পর্যন্ত কয়েকটি অঙ্গরাজ্যের উপকূলীয় এলাকায় বন্যার সতর্কতাও জারি করা হয়েছে।
বিদ্যুৎবিচ্ছিন্ন গ্রাহকের সংখ্যা বৃহস্পতিবার সর্বোচ্চ ৯ লাখ ছাড়িয়ে গিয়েছিল। তবে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারে কর্মীদের প্রচেষ্টায় শুক্রবার সন্ধ্যা নাগাদ তা কমে ২ লাখ ৬৪ হাজারে নেমে আসে। বিদ্যুৎ বিভ্রাটের তথ্য সংরক্ষণকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজ ডট ইউএস এ তথ্য জানিয়েছে।
সবচেয়ে বেশি গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল পেনসিলভানিয়ায়। এরপরই ছিল মিসৌরি।
এদিকে, শুক্রবারও বিমান চলাচলে কিছুটা বিঘ্ন অব্যাহত ছিল। ফ্লাইট চলাচলের তথ্য পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের হিসাবে, এদিন প্রায় ১ হাজার ৬০০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং ৫০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে টেনেসির একটি অংশে শুক্রবার ২ দশমিক ৫ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাতের আশঙ্কায় শীতকালীন ঝড়ের সতর্কতা জারি করা হয়। থ্যাংকসগিভিং ডে-তে বৃষ্টি থেকে হালকা তুষারপাত শুরু হওয়ার পর এ সতর্কতা দেওয়া হয়।
মধ্য-পশ্চিমাঞ্চলে আগের দিনের তুলনায় আবহাওয়া অনেকটা শান্ত ছিল। এর আগের দিন পূর্ব মিসৌরির কোনো কোনো এলাকায় ৩৮ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হয়েছিল।
তবে জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, মন্টানা ও ওয়াইওমিংয়ের কিছু এলাকায় এখনো ভারী তুষারপাতের আশঙ্কা রয়েছে।
প্রশান্ত মহাসাগরীয় উপকূলে জোয়ারের প্রভাবে সৃষ্ট বিশাল ঢেউয়ের কারণে বন্যা দেখা দিয়েছে। এতে ট্রেন চলাচলও ব্যাহত হচ্ছে। ক্যালিফোর্নিয়া উপকূলে জোয়ারের পানি রেকর্ড উচ্চতায় পৌঁছানোয় রাজ্যের সুদূর উত্তরের হামবোল্ট কাউন্টি থেকে লস অ্যাঞ্জেলেসের কাছের ভেনচুরা কাউন্টি পর্যন্ত বিভিন্ন এলাকায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।