রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

অপ্রতিম হত্যা মামলার পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলায় দুই অপ্রাপ্তবয়স্ক আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আগামী ১৪ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. ইয়াসির আরাফাত এই আদেশ দেন।

এদিন বিচারক অনুপস্থিত থাকায় চার আসামির মধ্যে জেলে থাকা দুই প্রাপ্তবয়স্ক আসামির শুনানি আজ (২৯ নভেম্বর) অনুষ্ঠিত হয়নি।

নারী ও শিশু ট্রাইবুনাল-১ এর সরকারি আইনজীবী মো. বদিউল আলম সুজন শুনানি শেষে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান।

সরকারি কৌঁসুলি (পিপি) মো. বদিউল আলম সুজন বলেন, অপ্রাপ্তবয়স্ক দুই আসামি গাজীপুরের শিশু-কিশোর সংশোধনাগারে থাকায় তাদের আদালতে সশরীরে হাজির করা সম্ভব হয়নি।

পরে ভার্চুয়ালি উপস্থিতির মাধ্যমে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আগামী ১৪ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। ওই দিন এই মামলায় সাক্ষ্যগ্রহণও শুরু হবে।তিনি আরো বলেন, কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় শুধু তার পরিবার বা কুমিল্লা নয়, সারা দেশের মানুষের বিবেক নাড়া দিয়েছে।

রাষ্ট্র ও বিচার বিভাগ যদি আন্তরিক হয়, তাহলে অতিদ্রুত সময়ের মধ্যে এর সুষ্ঠু বিচার আমরা জাতীর সামনে উপস্থাপন করতে পারব।শুনানি শেষে অপ্রতিমের বাবা ও মামলার বাদী কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, মামলার বিচারিক কার্যক্রমের অগ্রগতিতে তিনি সন্তুষ্ট। স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য তিন মাসের মধ্যে বিচারিক কার্যক্রম শেষ করার যে আশ্বাস দিয়েছিলেন, সেই অনুযায়ী বিচারপ্রক্রিয়া এগিয়ে যাবে বলে তিনি প্রত্যাশা করেন।

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে মায়ের আইফোন দিয়ে ছবি তুলতে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাসায় ফেরেনি।

ওই দিনই সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা। পরদিন ১৯ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার বাবা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।
এরপর গত ২০ অক্টোবর কুমিল্লার আদালতে মামলার অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এতে গ্রেপ্তার চার আসামি সাইফুল ইসলাম ওরফে তুহিন, মোজাফ্ফর হোসেন ফাহাদ, কামরুল হাসান ও সিয়ামকে অভিযুক্ত করা হয়েছে।

পুলিশের তদন্ত অনুযায়ী, তুহিন, ফাহাদ ও কামরুল সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয় এবং সিয়াম হত্যার পরিকল্পনায় যুক্ত ছিল বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগপত্রে আনা অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি হবে আদালতের বিচারিক প্রক্রিয়ায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com