শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

মুক্তি পেয়েছেন মিয়ানমারে আটক বিবিসির সাংবাদিক অং থুরা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ১৭৬ বার

মিয়ানমারে আটক হওয়া বিবিসির বার্মিজ ভাষা বিভাগের রিপোর্টার অং থুরাকে মুক্তি দেয়া হয়েছে। সোমবার বিবিসির পক্ষ থেকে তার মুক্তির খবর নিশ্চিত করা হয়েছে। তবে তার সম্পর্কে বিস্তারিত কিছুই জানানো হয়নি।

এর আগে গত ১৯ মার্চ মিয়ানমারের রাজধানী নেপিডতে কোর্ট ভবনের বাইরে কাজ করার সময় অং থুরাকে সাদা পোশাকধারী লোকজন তুলে নিয়ে যায়।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে এক সামরিক অভ্যুত্থানে বেসামরিক সরকার ক্ষমতাচ্যুতির পর থেকে দেশটিতে ৪০ জন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে।

সামরিক বাহিনী দেশটির পাঁচটি মিডিয়া কোম্পানির লাইসেন্সও বাতিল করেছে।

ওই অভ্যুত্থানের বিরুদ্ধে দেশজুড়ে অব্যাহত বিক্ষোভ এবং নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের মধ্যেই অং থুরা আটক হয়েছিলেন। ওই বিক্ষোভে জাতিসঙ্ঘের দেয়া তথ্য অনুযায়ী এ পর্যন্ত ১৪৯ জন নিহত হয়েছে।

অং থুরাকে তুলে নেয়ার সময় স্থানীয় একটি নিউজ পোর্টাল মিজিমার একজন সাংবাদিক থান টিকে অঙ্কেও ধরে নিয়ে যায়।

এ মাসের শুরুতে এই সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিল করে বার্মিজ কর্তৃপক্ষ।

বিবিসির সাংবাদিককে যারা তুলে নিয়ে যান, তারা এসেছিলেন দুপুর বেলা একটি অচিহ্নিত গাড়িতে। তারা অং থুরাকে দেখতে চান বলে জানান। এর পর থেকে বিবিসি আর তার সাথে যোগাযোগ করতে পারছিল না।

সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে অং সান সুচিসহ নির্বাচিত বেসামরিক নেতারাও আটক রয়েছেন। ইয়াঙ্গুন থেকে পাওয়া খবরে বলা হচ্ছে, সেখানে অনেক মানুষ সহিংসতার ফলে শহর ছেড়ে পালাচ্ছেন। বিক্ষোভকারীরা রাস্তায় যেসব ব্যারিকেড দিয়েছেন, সেগুলো সরাতে পুলিশ লোকজনকে বাধ্য করছে।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com