

৫০ শয্যার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার সাত বছর ধরে তালাবদ্ধ। ফলে বছরের পর বছর সেবা থেকে বঞ্চিত হচ্ছে কয়েক লাখ গর্ভবতী মা। এই অপারেশন থিয়েটারে সর্বশেষ কবে অপারেশন হয়েছে তা সংশ্লিষ্ট কেউ বলতে পারেননি। থিয়েটার তালাবদ্ধ থাকায় সরঞ্জাম বিকল হওয়ার পথে। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে অপারেশনজনিত সেবাবঞ্চিত হয়ে গরিব অন্তঃসত্ত্বা গর্ভবতী নারীরা বাধ্য হয়ে ছুটছেন প্রাইভেট ক্লিনিকে। তাদের গুনতে হচ্ছে মোটা টাকা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশেই রয়েছে কয়েকটি ক্লিনিক। আর ভুল চিকিৎসায় অন্তঃসত্ত্বা মায়ের নবজাতক মৃত্যুর অভিযোগে এসব ক্লিনিক ভাঙচুরের ঘটনাও ঘটেছে। উপজেলাবাসীর দাবি, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারটি দ্রুত চালু করা হোক, এতে গরিব অন্তঃসত্ত্বা নারীরা উপকৃত হবেন।
এ বিষয়ে সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকউদ্দিন ঠাকুর বলেন, গরিব অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার্থে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমন্বয় কমিটির সভায় কয়েকবার এই অপারেশন থিয়েটার চালু করার প্রস্তাব করেছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। অপারেশন করার জন্য একজন অ্যানেসথেসিয়া ডা. দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে আবারও জোর দাবি জানান তিনি। এ ব্যাপারে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া বলেন, শুধু একজন অ্যানেসথেসিয়া ডা. না থাকায় এ হাসপাতালে সিজারিয়ান অপারেশন করা সম্ভব হচ্ছে না।