রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

‘গণতন্ত্র হত্যা’ দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ১৭৬ বার

২০১৪ সালে ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের দিনকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করবে বিএনপি। এ উপলক্ষে আগামীকাল ৫ জানুয়ারি রাজধানীসহ সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করবে দলটি। ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় মহানগর বিএনপির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আগামীকাল ৫ জানুয়ারী বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে এক অন্ধকারাচ্ছন্ন দিন। আট বছর আগে ২০১৪ সালের এই দিনে সারাদেশে ভোটার ও বিরোধী দলের প্রার্থীবিহীন বিতর্কিত, প্রতারণামূলক ও হাস্যকর পাতানো নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশ-বিদেশে প্রত্যাখ্যাত, জনধিকৃত একদলীয় নির্বাচন করতে গিয়ে আওয়ামী লীগ আবারও সারা দুনিয়ায় নিজেদেরকে হেয় প্রতিপন্ন করে।’

রিজভী আরও বলেন, ‘সারাদেশে নির্বাচন কেন্দ্রগুলো ছিল একদম ফাঁকা। অধিকাংশ ভোটকেন্দ্রে ছিল ভোটারশূণ্য এবং কেন্দ্রগুলোতে ভোটারের বদলে চতুষ্পদ প্রাণীর বিচরণ দেখেছে বিশ্ববাসী।’

বিএনপির এই নেতা বলেন, ‘দেশের ইতিহাসে দেখা যায়, আওয়ামী লীগ কখনোই সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে না। গণতন্ত্র হরণ আওয়ামী লীগের ডিএনএতে মিশে আছে। অংশগ্রহণমূলক নির্বাচনী সংস্কৃতি আওয়ামী লীগ কখনোই পাত্তা দেয় না। আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার হরণ করতে পরিকল্পিতভাবে ২০১১ সালে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দিয়েছিলো।’

রিজভী বলেন, ‘২০০৮ সাল থেকে যে গণতন্ত্র হত্যাকারী সরকার ক্ষমতায় বসে আছে সে ধারাবাহিকতায় ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের আগের রাতে একই কায়দায় মানুষের অধিকার হরণ করা হয়। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী মিলে আগের রাতে ভোট দিয়ে এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে। বর্তমানে দেশ থেকে গণতন্ত্র নির্বাসিত। মানুষের বাকস্বাধীনতায় তালা মেরে দেওয়া হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা হরণ করে নেওয়া হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com