

বাউলশিল্পী আবুল সরকারের নিঃশর্ত মুক্তি এবং মানিকগঞ্জে বাউলশিল্পীদের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে ‘গানের আর্তনাদ’ শিরোনামে একটি কর্মসূচি দিয়েছিল ‘সম্প্রীতি যাত্রা’। লেখক, শিল্পী, অধিকারকর্মী ও বামপন্থি রাজনৈতিক কর্মীদের প্ল্যাটফর্মের এই কর্মসূচি গতকাল জাতীয় জাদুঘরের সামনে আয়োজন করা হয়। কর্মসূচি শুরু করলে সেখানে মিছিল নিয়ে যান জুলাই মঞ্চ নামের একটি সংগঠনের নেতাকর্মীরা। তাঁরা ওই কর্মসূচির বিরোধিতা করে অনুষ্ঠানস্থলে হামলা চালায়। তবে বাধার পরও ‘গানের আর্তনাদ’ অনুষ্ঠান চালিয়ে যাওয়া হয় বলে জানান আয়োজকরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে চারটার দিকে ‘গানের আর্তনাদ’ কর্মসূচির কার্যক্রম শুরু হয়। প্রথমে শিল্পী অরূপ রাহী স্বাগত বক্তব্য দেন। এরপর শিল্পী কৃষ্ণকলি ইসলামকে বক্তব্যের জন্য আহ্বান জানান সঞ্চালক। তখন জুলাই মঞ্চের ব্যানারে ২০ থেকে ২৫ জনের একটি দল মিছিল নিয়ে ওই কর্মসূচির মঞ্চের সামনে আসে। তারা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’সহ বিভিন্ন স্লোগান দেয়। এ সময় তাঁদের
সঙ্গে থাকা মাইক থেকে বাউল আবুল সরকারের মুক্তি দাবির বিরোধিতা করে বক্তব্য দেওয়া হয়। সম্প্রীতি যাত্রার কর্মীরা জুলাই মঞ্চের কর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। একপর্যায়ে জুলাই মঞ্চের নেতাকর্মীরা সেখান থেকে সরে যান। এর পর গানের আর্তনাদের কার্যক্রম আবার শুরু হয়। আলোচনাপর্ব শেষে তাঁরা বাউলদের ওপর হামলার প্রতিবাদে একটি মিছিল করেন।
আয়োজকদের একজন শিল্পী বীথি ঘোষ বলেন, আমাদের কর্মসূচি শুরু হলে ‘জুলাই মঞ্চের’ নাম নিয়ে একদল লোক এসে আপত্তি জানান। পেছনে ‘ব্যাকড্রপ’ ভেঙে দেন। এখানে তারা হাতাহাতি ও ধাক্কাধাক্কি করেন, কিন্তু আমরা কোনো ধরনের ধাক্কাধাক্কিতে যাইনি। আমরা তাঁদের বলেছি, আমাদের কাজটা আমাদের করতে দিন, আপনারা আপনাদের মতো কর্মসূচি পালন করেন। পরে ওনারা চলে গেলে আমাদের অনুষ্ঠান আবার শুরু হয়।
জুলাই মঞ্চের আহ্বায়ক আরিফুল ইসলাম তালুকদার বলেন, শাহবাগে আমাদের একটা কর্মসূচি ছিল জাতীয় মূল্যবোধ রক্ষায়। বাউলদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। কিন্তু বাউল আবুল সরকার ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং তার বিচার আমরা দাবি করছি। তারা রিকশায় থাকায় আমাদের মাইক ভেঙে ফেলে, রিকশাচালক আহত হন। আমরা শান্তি চাই বলে কিছু না করে শাহবাগ থেকে চলে আসি।
‘গানের আর্তনাদ’ কর্মসূচিতে অংশ নেওয়া গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী বলেন, হঠাৎ করে জুলাই মঞ্চের ২০-২৫ জন এখানে অতর্কিত হামলা করে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর বলেন, আমরা দেখেছি এখানে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। তবে কোনো পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাইনি।
‘সম্প্রীতি যাত্রা’র ‘গানের আর্তনাদ’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক নাহিদ হাসান নলেজ, রেবেকা নীলা, শিল্পী অমল আকাশ, বাউলশিল্পী আলমাস সরকার, শিক্ষক শর্মী হোসেন, নাভিনা মুরশিদ, মোশাহিদা সুলতানা ঋতু, সুরেশ্বরী দরবারের দিপু নূরী সুরেশ্বরী, চলচ্চিত্র নির্মাতা আকরাম খান, বাসদ মার্ক্সবাদীর সমন্বয়ক মাসুদ রানা।