

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করা হয়েছে। হাসপাতাল এবং এর আশেপাশে ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
আজ বুধবার (৩ ডিসেম্বর) সকালে হাসপাতাল পরিদর্শনে দেখা গেছে, প্রধান ফটকে ব্যারিকেড বসিয়ে র্যাব, পুলিশ ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। প্রধান ফটকের সামনের সড়কের এক পাশে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এছাড়া হাসপাতালের আশেপাশে সাধারণ রোগী ও দর্শনার্থীদের চলাচল স্বাভাবিক রাখতে ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হয়েছে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, ৮০ বছর বয়সী খালেদা জিয়া বর্তমানে হাসপাতালের চতুর্থ তলায় একটি কেবিনে অবস্থান করছেন। নিরাপত্তার কারণে সেই তলার আশেপাশের অন্যান্য কেবিনগুলো খালি রাখা হয়েছে।
খালেদা জিয়াকে ২৩ নভেম্বর হৃৎপিণ্ড ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিনের অসুস্থতায় তিনি লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হৃদপিণ্ড ও চোখের সমস্যায় ভুগছেন। তার সুরক্ষা নিশ্চিত করতে সরকার তাকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে এবং এসএসএফ সদস্য মোতায়েন করেছে।
হাসপাতালের নিরাপত্তা ও রোগীর স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছেন।