

জাতীয় সংসদ নির্বাচনের ঠিক দুই দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল আলোচিত পাল্টা বা রেসিপ্রোকাল শুল্ক-সংক্রান্ত একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরের পথে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে স্থানীয় সময় সকাল ১০টায়—বাংলাদেশ সময় রাত ১১টায়—এই চুক্তিতে সই হওয়ার কথা রয়েছে।
চুক্তি কার্যকর হলে যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে তৈরি বাংলাদেশের পোশাক পণ্য সে দেশের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পেতে পারে। পাশাপাশি বাংলাদেশের ওপর বর্তমানে আরোপিত ২০ শতাংশ পাল্টা শুল্ক কমার সম্ভাবনাও তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকছেন না বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তবে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ইতোমধ্যে ওয়াশিংটনে অবস্থান করছে। তাঁরা সশরীরে অনুষ্ঠানে অংশ নেবেন এবং ঢাকায় থাকা উপদেষ্টা ও সচিব অনলাইনের মাধ্যমে যুক্ত থাকবেন।
ওয়াশিংটনে অবস্থানরত প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) অনুবিভাগের প্রধান খাদিজা নাজনীন। তাঁর সঙ্গে রয়েছেন যুগ্ম সচিব ফিরোজ উদ্দিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান, সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফীন এবং জাতীয় রাজস্ব বোর্ডের কমিশনার রইছ উদ্দিন খান।
মন্ত্রণালয় সূত্র জানায়, বাণিজ্য উপদেষ্টা ঢাকায় বসেই চুক্তিতে স্বাক্ষর করেছেন। তাঁর স্বাক্ষরিত কপিটি প্রতিনিধি দলের মাধ্যমে ওয়াশিংটনে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষে এই চুক্তিতে সই করবেন দেশটির বাণিজ্য প্রতিনিধি জেমিয়েসন গ্রিয়ার।
চুক্তি স্বাক্ষরের পর এর বিস্তারিত বিষয়বস্তু আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।