

ব্যস্ত জীবনের মাঝে অনেকের জন্যই প্রতিদিন বাজারে যাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই সমাধান হিসেবে আমরা বেছে নিই সপ্তাহের বাজার একসঙ্গে সেরে ফেলা। রান্নাঘরের ঝুড়িতে বা ফ্রিজের ড্রয়ারে আমরা অনেক সময় সব ফল ও সবজি একসঙ্গে সাজিয়ে রাখি। দেখতে সুন্দর লাগলেও, বিজ্ঞান বলছে—এই অভ্যাস আপনার শখের বাজার দ্রুত পঁচিয়ে ফেলার প্রধান কারণ।
অনেক ফল ও সবজি থেকে নির্গত হয় এক বিশেষ গ্যাস, যারা একে অপরের সংস্পর্শে থাকলে দ্রুত নষ্ট হয়ে যায়। নিচে বিস্তারিত আলোচনা করা হলো কোন কোন সবজি ও ফল কখনোই একসঙ্গে রাখা উচিত নয়:
আপেল ও তরমুজ
আপেল প্রচুর পরিমাণে ইথিলিন গ্যাস উৎপন্ন করে। আপনি যদি আপেলের পাশে তরমুজ রাখেন, তবে তরমুজ খুব দ্রুত নরম ও পানসে হয়ে যাবে। তরমুজ সবসময় আলাদা রাখাই বুদ্ধিমানের কাজ।
আলু ও পেঁয়াজ
অধিকাংশ বাঙালি পরিবারেই আলু ও পেঁয়াজ একই ঝুড়িতে বা তাকে রাখার অভ্যাস আছে। কিন্তু এটি মোটেও স্বাস্থ্যকর নয়। আলু থেকে নির্গত গ্যাস শোষণের ফলে দ্রুত পচে যায় পেঁয়াজ। এছাড়া আলু যদি পেঁয়াজের কাছাকাছি থাকে, তবে পেঁয়াজ থেকে নির্গত আর্দ্রতা এবং কিছু সালফার যৌগ আলুর অঙ্কুরোদগম খুব দ্রুত ঘটায়, ফলে খাওয়ার অনুপযুক্ত হয়ে পড়ে। তাই এই দুটিকে সবসময় আলাদা, শুষ্ক এবং বাতাস চলাচল করে এমন জায়গায় রাখা প্রয়োজন।
টমেটো ও শসা
সালাদের এই দুই অবিচ্ছেদ্য সঙ্গীকে ফ্রিজে বা ঝুড়িতে একসঙ্গে রাখা বিপত্তির কারণ হতে পারে। টমেটো থেকে প্রচুর পরিমাণে ইথিলিন গ্যাস নির্গত হয়। এই গ্যাসের সংস্পর্শে এলে শসা তার সতেজতা হারিয়ে দ্রুত হলুদ হয়ে যায় এবং নরম হয়ে পচতে শুরু করে।
বিশেষজ্ঞরা পরামর্শ দেন, টমেটো ঘরের স্বাভাবিক তাপমাত্রায় খোলা জায়গায় রাখা ভালো এবং শসাকে আলাদাভাবে কাগজে মুড়ে ফ্রিজে রাখলে তা অনেক দিন টাটকা থাকে।
আপেল ও গাজর
আপেল দেখতে সুন্দর এবং পুষ্টিকর হলেও এটি অন্য সবজির জন্য ক্ষতিকারক হতে পারে। আপেল থেকে নির্গত ইথিলিন গ্যাস গাজরের স্বাদ বদলে দেয় এবং দ্রুত নষ্ট করে ফেলে। অনেক সময় দেখা যায় ফ্রিজে রাখা গাজর অল্প দিনেই তেতো হয়ে যাচ্ছে, যার মূল কারণ হতে পারে পাশে রাখা আপেল। তাই ফ্রিজে রাখলেও এই দুটিকে আলাদা ড্রয়ারে বা আলাদা পলিথিন ব্যাগে রাখা উচিত।
কলা ও অন্যান্য নরম ফল
কলা হলো ইথিলিন গ্যাসের বড় উৎস। কলার সংস্পর্শে অন্য কোনো ফল থাকলে তা সময়ের অনেক আগেই পেকে যায় এবং দ্রুত পচন ধরে। বিশেষ করে পিচ বা নাশপাতির মতো ফলগুলো কলার পাশে রাখলে দ্রুত নরম হয়ে নষ্ট হয়ে যায়। তাই কলার ছড়া সবসময় অন্য ফল থেকে দূরে ঝুলিয়ে রাখা বা আলাদা স্থানে রাখা বুদ্ধিমানের কাজ।
স্ট্রবেরি ও ব্লুবেরি
বেরি জাতীয় ফলগুলো অত্যন্ত সংবেদনশীল হয়। স্ট্রবেরি ও ব্লুবেরি কখনোই গাদাগাদি করে একই পাত্রে রাখা ঠিক নয়। স্ট্রবেরির চাপে ব্লুবেরি দ্রুত থেঁতলে যায় এবং রস বেরিয়ে ছত্রাক জন্মানোর পরিবেশ তৈরি করে। এদের আলাদা আলাদা পাত্রে ছড়িয়ে রাখলে বেশিদিন ভালো থাকে।
আঙুর ও আম
আম পাকার সময় তীব্র ইথিলিন নিঃসরণ করে। আঙুর অত্যন্ত নাজুক ফল হওয়ায় আমের পাশে রাখলে আঙুর দ্রুত পচে টক হয়ে যায়।
শাক ও রসালো ফল
পালং শাক বা লাল শাকের মতো পাতাযুক্ত সবজি কখনোই আপেল বা কলার মতো রসালো ফলের পাশে রাখা উচিত নয়। ফলের প্রভাবে শাক দ্রুত হলুদ হয়ে শুকিয়ে যায় এবং এর পুষ্টিগুণ হারিয়ে ফেলে। শাকসবজি সবসময় ধুয়ে পানি ঝরিয়ে আলাদা জিপলক ব্যাগে রাখা সবচেয়ে নিরাপদ।
পরিশেষে বলতে হয়, সবজি ও ফল নষ্ট হওয়া মানে শুধু খাবারের অপচয় নয়, অর্থের অপচয়ও বটে। তাই আজই আপনার রান্নাঘরের ঝুড়িগুলো নতুন করে সাজিয়ে নিন!