বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : সেনাবাহিনী মোতায়েন ও ইউএনও প্রত্যাহার চায় ১১ দলীয় জোট

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েন এবং সদর উপজেলার ইউএনও খায়রুল ইসলামকে প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট। একই সঙ্গে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ভোটগ্রহণ, গণনা ও ফলাফল প্রকাশ সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণের দাবি জানিয়েছে জোটটি।

আজ বুধবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় জোটের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ। এ সময় জোটের শীর্ষস্থানীয় অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, ‘ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করা না গেলে এর প্রভাব শুধু একটি আসনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ভোটের পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হলে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়তে পারে। এর রাজনৈতিক পরিণতির দায় সরকার ও নির্বাচন কমিশন উভয়কেই নিতে হবে।’

১৯৯৪ সালের উপনির্বাচনের প্রেক্ষাপট তুলে ধরে জামায়াতের এই নেতা বলেন, ‘তৎকালীন সরকারের পতনের মতো পরিস্থিতি যেন তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’

বৈঠকে ১১ দলীয় জোটের পক্ষ থেকে চারটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়। প্রথমত, নির্বাচনে অবিলম্বে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। দ্বিতীয়ত, সদর উপজেলার ইউএনও খায়রুল ইসলামকে নির্বাচনের আগেই প্রত্যাহার করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করতে হবে। তৃতীয়ত, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। চতুর্থত, ভোটগ্রহণ, ভোট গণনা ও ফলাফল প্রকাশ—এই তিনটি গুরুত্বপূর্ণ ধাপ সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণের ব্যবস্থা করতে হবে।

সেনাবাহিনী মোতায়েনের দাবির পক্ষে যুক্তি তুলে ধরে হামিদুর রহমান আযাদ বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সংস্থার ওপর জনগণের আস্থার সংকট রয়েছে। তবে তুলনামূলকভাবে সেনাবাহিনীর ওপর মানুষের আস্থা এখনো অক্ষুণ্ন রয়েছে। সেনাবাহিনী মাঠে থাকলে ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারবেন।’

নির্বাচনী প্রচারণায় বাধা, হামলা এবং হিন্দু ভোটারদের নিরাপত্তা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। হামিদুর রহমান আযাদ বলেন, ‘ঠাকুরগাঁও-১ আসনে প্রায় ১ লাখ ৬৮ হাজার হিন্দু ভোটার রয়েছেন। তাঁদের ওপর হুমকি-ধমকি ও মারধরের অভিযোগ পাওয়া যাচ্ছে।’

তিনি বলেন, ‘সংবিধানের সপ্তম ভাগের ১১৮ থেকে ১২৬ অনুচ্ছেদ অনুযায়ী সাংবিধানিক দায়িত্ব পালনে নির্বাচন কমিশনকে কার্যকর ভূমিকা রাখতে হবে। শুধু আশ্বাস বা বক্তব্য দিয়ে সমস্যার সমাধান হবে না; মাঠপর্যায়ে তার বাস্তব প্রতিফলন দেখতে হবে। অন্যথায় কমিশন নিজেদের স্বাধীন ও শক্তিশালী দাবি করলেও তা প্রমাণিত হবে না।’

বৈঠকে কমিশনের পক্ষ থেকে ইতিবাচক আশ্বাস দেওয়া হয়েছে জানিয়ে ১১ দলীয় জোটের সমন্বয়ক বলেন, ‘বৈঠকের পরিবেশ ও আশ্বাস ইতিবাচক হলেও মাঠপর্যায়ের পরিস্থিতির সঙ্গে তার মিল না থাকলে এসব উদ্যোগকে ‘আইওয়াশ’ বলে অভিহিত করা হবে।’

তিনি আরও বলেন, ‘ভোটের আগের পরিস্থিতি এবং অতীতের বিভিন্ন নির্বাচনের অভিজ্ঞতা থেকে অনেক সময় পরবর্তী পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। তবে আগামীকালের ভোটগ্রহণের সার্বিক পরিস্থিতি ও ফলাফল দেখেই জোট তাদের চূড়ান্ত অবস্থান ও সিদ্ধান্ত নেবে।’

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে হামিদুর রহমান আযাদ বলেন, ‘মন্ত্রীর বক্তব্যের কারণে স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপে পরিবর্তন আনা হয়েছে। এতে নির্বাচন কমিশনের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তৈরি হয়। এ ছাড়া ভোটার স্থানান্তরের ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম ও অসংগতির বিষয়েও কমিশনকে অবহিত করা হয়েছে।’

তিনি বলেন, ‘ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নির্বাচন কমিশনের জন্য একটি বড় পরীক্ষা। এই নির্বাচনের মধ্য দিয়েই প্রমাণিত হবে, কমিশন কতটা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে সক্ষম।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com