বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

দুই মাসের সর্বনিম্ন অবস্থান থেকে বাড়ল তেলের দাম

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের উত্তেজনা প্রশমনের কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। বুধবার আগের দিনের দুই মাসের সর্বনিম্ন অবস্থান থেকে ঘুরে দাঁড়িয়েছে তেলের দাম। তবে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার আশঙ্কা এবং নৌপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাজারে অস্থিরতা তৈরি করছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

বাজার বিশ্লেষকদের মতে, একদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার সম্ভাবনা তেলের সরবরাহ বাড়ার আশা তৈরি করছে। অন্যদিকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ঝুঁকি পরিস্থিতিকে অনিশ্চিত করে তুলছে।

ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির তথ্য অনুযায়ী, অক্টোবরে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরুর পর এক মাসে সর্বোচ্চ ৩৭টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। নভেম্বরেও এসব হামলা কমার উল্লেখযোগ্য কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

প্রতিবেদন অনুযায়ী, গ্রিনিচ মান সময় (জিএমটি) ৪টা ২০ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক শূণ্য ৪ ডলার বা ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯২ দশমিক ৫৩ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৬৭ সেন্ট বা শূণ্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৬ দশমিক ৭১ ডলারে উঠেছে।

স্পার্টা কমোডিটিজের জ্যেষ্ঠ বিশ্লেষক জুন গোহ বলেন, কূটনৈতিক আলোচনার অনিশ্চয়তার মধ্যে উপসাগরীয় অঞ্চলের নৌপথে জাহাজে হামলার ঘটনা বেড়েছে। তবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়া এবং মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেলের সরবরাহ বাড়ার সম্ভাবনা বিশ্ববাজারে তেলের দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি করছে।

তার মতে, তেলের বাজারের ভবিষ্যৎ মূলত নির্ভর করছে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে ইরান কূটনৈতিক সমঝোতায় আসতে কতটা আগ্রহী, তার ওপর।

এদিকে মঙ্গলবার ওমানের উপকূলে লিমা বন্দরের উত্তর-পূর্বে একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সংস্থা। একই দিন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী এক বিবৃতিতে দাবি করে, হরমুজ প্রণালির ‘অননুমোদিত পথে’ চলাচলের সময় নৌমাইনে আঘাত পেয়ে দুটি ট্যাংকারে আগুন ধরে যায়।

এলএসইজি অয়েল রিসার্চ ১০ নভেম্বরের এক প্রতিবেদনে বলেছে, কোনো সমঝোতা হলেও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হতে সময় লাগতে পারে। কারণ, সমুদ্রপথ থেকে মাইন অপসারণ, বিমা ব্যয় এবং জাহাজমালিকদের নিরাপত্তাঝুঁকি বিবেচনা করে চলাচলের সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইরানে নতুন করে সামরিক হামলার প্রয়োজনীয়তা কম বলে মন্তব্য করলে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি তিন ডলারের বেশি কমে যায়। তবে ইরানের এক নিরাপত্তা কর্মকর্তা দুই দেশের মধ্যে কোনো আলোচনা চলছে না বলে জানানোর পর তেলের দামের সেই পতনের একাংশ কাটিয়ে ওঠে।

এদিকে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুতও বেড়েছে। বাজারসংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (এপিআই) তথ্য অনুযায়ী, ৬ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশটির অপরিশোধিত তেলের মজুত বেড়েছে ৯০ লাখ ব্যারেল।

সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তার ওপরই বিশ্ববাজারে তেলের দামের পরবর্তী গতিপথ নির্ভর করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com