বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

কংগ্রেসে মুখ থুবড়ে পড়ল হেগসেথকে অভিশংসনের প্রস্তাব

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১২ বার

ইরানের বিরুদ্ধে কংগ্রেসের অনুমোদন ছাড়াই যুদ্ধ পরিচালনার অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্য অভিশংসনের প্রস্তাবটি হাউস জুডিশিয়ারি কমিটিতে পাঠানোর পক্ষে ভোট দিয়েছেন। এর ফলে আপাতত হেগসেথকে অপসারণের উদ্যোগ কার্যত থেমে গেছে। ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।

মঙ্গলবার স্থানীয় সময় ২১১-২০৪ ভোটে প্রস্তাবটি কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়। ভোটে অনুপস্থিত ছিলেন এক ডজনের বেশি সদস্য, যাদের মধ্যে ১১ জন ডেমোক্র্যাট। রিপাবলিকানদের মধ্যে একমাত্র কেনটাকির কংগ্রেসম্যান থমাস ম্যাসি প্রস্তাবটি কমিটিতে পাঠানোর বিপক্ষে ভোট দেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবটি উত্থাপন করেছিলেন রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাসি। তবে দলীয় সংখ্যাগরিষ্ঠতার কারণে শুরু থেকেই এই উদ্যোগ সফল হওয়ার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছিল।

ভোটের পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে উচ্ছ্বাস প্রকাশ করেন ট্রাম্প। তিনি লেখেন, অভিশংসনের প্রচেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। ভেনেজুয়েলা ও ইরানে বিজয়, সামরিক বাহিনীতে ইতিহাসের সর্বোচ্চ নিয়োগ এবং সেনাদের মধ্যে অভূতপূর্ব মনোবল হেগসেথের পক্ষে গেছে বলেও মন্তব্য করেন তিনি। হেগসেথকে একজন ‘মহান মার্কিন দেশপ্রেমিক’ হিসেবে উল্লেখ করেন ট্রাম্প।

এদিকে ছয় মাস পর পেন্টাগনে প্রথম সংবাদ সম্মেলনে অভিশংসনের উদ্যোগকে ‘প্রহসন’ ও ‘অন্তর্ঘাত’ বলে আখ্যা দেন হেগসেথ। তার দাবি, এই প্রস্তাব যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। কারণ, এর মাধ্যমে শত্রুদের কাছে এমন বার্তা যাচ্ছে যে বৈধ সামরিক অভিযান পরিচালনার জন্য যুক্তরাষ্ট্র নিজেদের সেনা ও বেসামরিক নেতৃত্বকেই শাস্তি দিতে পারে।

হেগসেথ বলেন, এটি দেশপ্রেম নয়, বরং অন্তর্ঘাত। তার ভাষ্য, ম্যাসির সঙ্গে নীতিগত মতপার্থক্য থাকতে পারে, কিন্তু তার বিরুদ্ধে গুরুতর অপরাধ, অসদাচরণ, রাষ্ট্রদ্রোহ বা ঘুষের মতো কোনো অভিযোগ নেই, যা অভিশংসনের সাংবিধানিক ভিত্তি হতে পারে।

সোমবার প্রতিনিধি পরিষদে আনুষ্ঠানিকভাবে উত্থাপিত আটটি অভিশংসন অভিযোগে ম্যাসি বলেন, ইরানের বিরুদ্ধে ৯০ দিনের বেশি সময় ধরে যুদ্ধ পরিচালনা করে হেগসেথ আইন ভঙ্গ করেছেন। এ ধরনের সামরিক অভিযানের জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন ছিল বলেও দাবি করেন তিনি।

এ ছাড়া মাদক বহনের অভিযোগে প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে নৌযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ তদারকির অভিযোগও আনা হয় হেগসেথের বিরুদ্ধে।

ম্যাসি এর আগে স্বীকার করেছিলেন, তার অভিশংসন উদ্যোগ তাৎক্ষণিকভাবে সফল না-ও হতে পারে। তবে ডেমোক্র্যাটরা আগামী বছর অভিশংসনের প্রক্রিয়া শুরু করার আগেই ট্রাম্পকে হেগসেথের পরিবর্তে অন্য কাউকে নিয়োগ দিতে চাপ সৃষ্টি করাই ছিল তার অন্যতম লক্ষ্য। তার মতে, এখন হেগসেথকে সরানো গেলে রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা সিনেটে নতুন প্রতিরক্ষামন্ত্রীর নিয়োগ অনুমোদনের সুযোগ থাকবে।

উল্লেখ্য, গত মধ্যবর্তী নির্বাচনে জয় পেয়ে আগামী জানুয়ারিতে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ডেমোক্র্যাটরা। ফলে নতুন কংগ্রেসে তারা চাইলে অভিশংসন প্রস্তাবটি আবারও সামনে আনতে পারবে।

ট্রাম্পের সমর্থিত প্রার্থীর কাছে এবারের নির্বাচনে পরাজিত হয়েছেন ম্যাসি। ইরান যুদ্ধ শুরুর পর থেকেই ট্রাম্প প্রশাসনের সমালোচনা করে আসছিলেন তিনি। এর আগে যৌন অপরাধে দণ্ডিত প্রয়াত জেফরি এপস্টেইন-সংক্রান্ত নথি প্রকাশের দাবিতেও ট্রাম্পের বিরাগভাজন হন এই রিপাবলিকান আইনপ্রণেতা।

তবে অভিশংসন প্রচেষ্টা আপাতত ব্যর্থ হলেও প্রশাসনে হেগসেথের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এমনকি রিপাবলিকান দলের কয়েকজন আইনপ্রণেতাও তার অবস্থান নিয়ে সংশয় প্রকাশ করেছেন। টেক্সাসের রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ মঙ্গলবার বলেছেন, তার ধারণা হেগসেথ হয় পদত্যাগ করবেন, নয়তো ট্রাম্প তাকে বরখাস্ত করবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com