

দেশের বাজারে স্বর্ণের গহনার দাম আরও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম বাড়ানো হয়েছে ২ হাজার ৬২৪ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ায় এই দাম বাড়ানো হয়েছে।
আজ শনিবার থেকে এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
আজ সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার ২৮০ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম ১৬ হাজার ৫০৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ১৪ হাজার ১৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৫৫৫ টাকা। সে হিসাবে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১ হাজার ৪২৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৩৮৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৫ হাজার ১৯৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৩৪ হাজার ৬৯৫ টাকা।
এর আগে, গতকাল শুক্রবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করেছিল বাজুস। ওই দিন থেকে কার্যকর হওয়া মূল্যতালিকায় ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ছিল ১৭ হাজার ৫৫ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে প্রতি গ্রামে দাম বাড়লো ২২৫ টাকা।