শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

শীতের সবজিতে ভরপুর বাজার, দামে নেই স্বস্তি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার

বাজার ভরপুর শীতের সবজিতে। কিন্তু দামে নেই শীতের আমেজ। এখনো চড়া দামেই কিনতে হচ্ছে বেশিরভাগ সবজি। কিছুদিন আগেও যেসব সবজি ৬০ থেকে ৭০ টাকার মধ্যে মিলেছে, সেগুলো কিনতে এখন গুনতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। কোনো কোনো সবজির দাম ছাড়িয়েছে শতকের ঘরও। শীত মৌসুমে সবজির দাম কমার প্রত্যাশা থাকলেও বাড়তি দামে হতাশ সাধারণ ক্রেতারা। বিশেষ করে স্বল্প আয়ের মানুষের সংসারে বাড়তি চাপ তৈরি করছে সবজির এ চড়া দাম। তাই খরচ সামলাতে অনেকে কম পরিমাণে সবজি কিনছেন, কেউবা কাটছাঁট করছেন বাজারের তালিকা।

গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে শনির আখড়া বাজারে এসে বেসরকারি চাকরিজীবী মো. সাইফুল ইসলাম দেখেন, কিছুদিন আগে ৬০ টাকায় বিক্রি হওয়া শিমের দাম বেড়ে ১২০ টাকা কেজি হয়েছে। এত দ্রুততম সময়ে দাম দ্বিগুণ বেড়ে যাওয়ায় বেজায় বিরক্ত এ ব্যক্তি বলে উঠেন, বাজারে যেমন খুশি তেমন চলছে! কেউ দেখার নেই যেন। আরও বলেন, দাম কমে ৬০ টাকায় নেমে এলো যে পণ্য, এখন তা ১২০ টাকা হয়ে গেছে। একলাফে এতটা বেড়ে যাওয়া কখনোই স্বাভাবিক হতে পারে না। অন্য সবজির দামও আবার বেড়ে গেছে।

কদমতলী সাদ্দাম মার্কেটের সবজি ক্রেতা মো. ইসমাইল মিয়া বলেন, ‘কারখানায় কাজ করে যে সামান্য আয় হয়, তা দিয়ে মাছ-মাংস-ডিম খাওয়া হয় না। সবজিতেই ভরসা। কিছুদিন আগে দাম কমে আসায় ভাবছিলাম আরও কমবে। কিন্তু এখন দেখছি উল্টা বাইড়া গেছে। বেগুন, বরবটি, করলা, লাউ সবকিছুর দাম বাইড়া গেছে। এ দামে কিনে খাওয়া তো আমাদের মতো কম বেতনের মানুষের জন্য কষ্টকর। শীতে কোথায় কম দামে কিনব, সেখানে সবজিতে এখন হাত দেওয়াই যাইতাছে না।’

ব্যবসায়ীরাও স্বীকার করেন, দাম অনেক বাড়তি রয়েছে। শনির আখড়া বাজারের মো. রাসেল ও মো. আজাহার আলীসহ অন্যান্য সবজি বিক্রেতা জানালেন, বাজারে এখন সবজির সরবরাহ সন্তোষজনক। বরং সরবরাহ বেড়েছে। বাজারে এ সময় সবজির সরবরাহ বাড়লে দাম কমার কথা। কিছুদিন আগেও রাজধানীর বাজারে বেশকিছু সবজির দাম কমতে শুরু করেছিল। কিন্তু মাঝে কয়েকদিনের টানা বৃষ্টিতে পাইকারি বাজারে দাম বেড়ে গেছে। এর প্রভাবে খুচরা বাজারেও বেড়েছে।

রাজধানীর খুচরা বাজার চিত্র অনুযায়ী, গতকাল অধিকাংশ সবজি কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকা বিক্রি হয়। এর মধ্যে কিছু সবজির দাম আরও বাড়তি। দাম বেড়ে শিমের কেজি ১০০ থেকে ১২০ টাকা হয়েছে। একই চিত্র করলার ক্ষেত্রেও। অন্যদিকে বেগুনের ক্ষেত্রে কেজিতে ২০ টাকা বেড়ে লম্বা বেগুন ১০০ এবং গোল বেগুন ১২০ টাকা হয়েছে। পাঁকা টমেটোর কেজি প্রকারভেদে ১৪০ থেকে ১৭০ টাকা বিক্রি হচ্ছে। কিছুদিন আগে ৮০ টাকায় নেমে আসা বরবটির কেজি এখন ১০০ টাকা হয়েছে। কোনো কোনো বাজারে কচুর লতিও এখন ১০০ টাকায় বিক্রি হচ্ছে। কচুরমুখিও ৮০ থেকে ১০০ টাকা হয়েছে। গাজরের দাম ১০০ টাকার আশপাশে এবং শসার দাম বেড়ে ৮০ থেকে ১০০ টাকা হয়েছে। যে পটোলের কেজি ৬০ টাকায় নেমেছিল, এখন তা ৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কাঁচা টমেটোর কেজি ৬০ থেকে ৮০ টাকা বিক্রি হচ্ছে। মূলার দাম বেড়ে ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। শালগমের কেজিতে ১০ টাকা বেড়ে ৮০ টাকা হয়েছে। চিচিঙ্গা, ঝিঙাসহ অন্যান্য সবজির দামও চড়া। লাউয়ের পিস এখন ৭০ টাকা থেকে বেড়ে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁপের কেজিতেও ১০ টাকা বেড়ে কোথাও কোথাও ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফুলকপি ও বাঁধাকপি বাজারভেদে ৫০ টাকা বিক্রি হচ্ছে। কয়দিন আগে ৪০ টাকায় নেমে এসেছিল দাম। এদিকে নতুন আলু ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দাম আগের মতোই ১০০ টাকার আশপাশে বিক্রি হচ্ছে।

বছরের এমন সময় সবজির বাজারের ভিন্ন আচরণ নিয়ে যাত্রাবাড়ী সবজির পাইকারি বাজারের ব্যবসায়ী মালেক মিয়া বলেন, শীতের মৌসুম শুরু হলে সবজির দাম কমতে শুরু করে। কিন্তু এবার আবহাওয়ার কারণে, টানা বৃষ্টিপাতের প্রভাবে ক্ষেতে সবজির ক্ষতি হয়েছে। তার এর প্রভাব দামেও পড়েছে। পাশাপাশি পরিবহন ভাড়াও এখন বাড়তি। বাড়তি ভাড়া সবজির দামে যোগ হয়। তাই বাজার চড়া। সামনে সব ঠিকঠাক থাকলে শীত বাড়ার সঙ্গে সঙ্গে সরবরাহ আরও বাড়বে এবং দামও কমে আসবে বলে জানান এ ব্যবসায়ী।

খুচরা বিক্রেতারা সরবরাহ ভালো বললেও যাত্রাবাড়ীর পাইকারি বিক্রেতারা জানান, সবজির সরবরাহ বর্তমানে তুলনামূলক কম রয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে সবজির ট্রাক কম আসছে বাজারে।

এদিকে লিটারপ্রতি তিন টাকা দাম বাড়ানোর পরও অনেক দোকানে এখনো বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা। যদিও নতুন দামের বোতল এখনো বাজারে আসেনি বলে জানান তারা। যেসব দোকানে বোতল বিক্রি হচ্ছে, তা আগের দামেই রয়েছে। খুচরা বিক্রেতারা বলছেন, তাদের দেওয়া চাহিদা অনুযায়ী এখনো বোতল পাচ্ছেন না। কদমতলী সাদ্দাম মার্কেট ও শনির আখড়া বাজারের বিক্রেতারা জানান, আগের দেওয়া চাহিদা অনুযায়ী বোতল পাচ্ছেন না তারা। কিছু পাওয়া গেলেও বাড়তি দামে কিনতে হচ্ছে, এতে তাদের কমিশনও কমে গেছে।

সাদ্দাম মার্কেটের খুচরা বিক্রেতা মো. খোকন বলেন, দাম বাড়ানোর সময় এলেই কোম্পানি নানা টাল-বাহানা শুরু করে। বোতল পেলেও চাহিদার তুলনায় তা এখনো কম। তবে সরবরাহকারীরা নতুন দামের বোতলের অর্ডার নেওয়া শুরু করেছে, আগামী দু-এক দিনের মধ্যে সরবরাহ বাড়তে পারে।

ভোজ্যতেলের দামের বিষয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম অয়েলের দাম কমলে দেশের বাজারেও তার প্রভাব পড়ে। আবার আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশের বাজারেও এর প্রভাব পড়ে। তিনি বলেন, প্রচলিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুযায়ী সয়াবিন তেলের দাম আরও কিছুটা বেশি হওয়ার কথা। আমদানিকারকদের রাজি করিয়ে বর্তমান দাম ধরে রাখা হয়েছে। একধরনের চাপ প্রয়োগ করে তাদের রাজি করানো হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে কেএএফসিওর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় অসচ্ছল, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

তেলের দাম নির্ধারণের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের সিএফআর মূল্য, বন্দরের খরচ, প্রক্রিয়াজাতকরণ ব্যয় ও অপচয়ের হিসাব বিবেচনায় নিয়ে প্রতি লিটারের খরচ নির্ধারণ করা হয়। রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত ও বাজার পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, বাজারে পণ্যের সরবরাহ স্থিতিশীল রয়েছে। রমজান সামনে রেখে অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ পরিস্থিতিও ভালো। এ নিয়ে আপাতত কোনো সমস্যা নেই।

এদিকে, সপ্তাহের ব্যবধানে মুরগি ও ডিমের বাজারে খুব একটা হেরফের হয়নি। এলাকাভেদে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমে ১৭০ টাকাতেও বিক্রি হচ্ছে। সোনালি ও কালারবার্ডের দাম আগের মতোই রয়েছে। পেঁয়াজ ও পুরোনো আলুর বাজার অপরিবর্তিত রয়েছে। চালের দামও আগের মতো চড়া।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com