রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

বিএম কলেজের শিক্ষার্থীদের ৩ ঘণ্টা সড়ক অবরোধ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৬৭ বার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত অনার্স চতুর্থ বর্ষের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষাসহ সব বর্ষের পরীক্ষা নেয়ার দাবিতে কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সরকারি বজ্রমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হওয়া এ অবরোধ দাবি মেনে নেয়ার অধ্যক্ষের আশ্বাসে প্রায় তিন ঘণ্টা পর দুপুর আড়াইটার দিকে প্রত্যাহার করেন তারা।

তবে তাদের দাবি না মানলে আগামী শনিবার সকাল ১০টা থেকে টানা অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেয়া হয়েছে।

এরআগে সকাল ১০টা থেকে কলেজের সামনের সড়কে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। পরে বেলা এগারোটা থেকে কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন তারা। দীর্ঘ সময় সড়ক অবরোধ করায় ব্যস্ততম সড়কে চলাচলরত যাত্রীদের মারাত্মক ভোগান্তি পোহাতে হয়েছে।

তবে বিক্ষোভ মিছিলের শুরুতে কলেজ অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া আন্দোলনরত শিক্ষার্থীদের নানা আশ্বাস দিলেও দাবি না আদায় হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

আন্দোলরত শিক্ষার্থীরা জানান, আমরা ২০১৯ সালে চতুর্থ বর্ষের শিক্ষার্থী। করোনার কারণে এমনিতেই আমরা অনেক পিছিয়ে গিয়েছি। আমাদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা না হওয়ায় কোথাও চাকরির জন্য আবেদন করতে পারছি না। তাই আমরা অবিলম্বে আমাদের বাকি পরীক্ষাগুলো নেয়াসহ অন্য সব বর্ষ ও মাস্টার্সের পরীক্ষা নেয়ার জন্য দাবি জানাচ্ছি। আর তা না হলে আমাদের আন্দোলন চলবে। পরে দুপুরে দুইটার দিকে অধ্যক্ষের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নিয়েছেন শিক্ষার্থীরা।

কলেজ অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া জানান, বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং পরীক্ষা যাতে নেয়া হয় সে বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়কে অবহিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com