শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

শ্রীপুরে যুদ্ধাপরাধ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৭ মে, ২০২৩
  • ৯৭ বার

মানবতা বিরোধী যুদ্ধাপরাধ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট।

রোববার (৭ মে) দুপুরে তাকে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামের মেয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম আলিম উদ্দিন (৮৫)। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার সাদুয়া গ্রামের মরহুম আব্দুল গফুর খানের ছেলে।

এন্টি টেরোরিজম ইউনিটের ইন্সপেক্টর ফজলে রহমান জানান, যুদ্ধাপরাধী আলিম উদ্দিন গফরগাঁও উপজেলার পাগলা থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

শুক্রবার বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার ওই গ্রামে তার মেয়ের বাড়িতে বেড়াতে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে ও আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে শ্রীপুরের কাওরাইদে তার অবস্থানের বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। এর পরিপ্রেক্ষিতে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট, ময়মনসিংহের গফরগাঁও এবং গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ শ্রীপুর উপজেলার কাওরাইদের বেলদিয়া গ্রামের তার মেয়ের বাড়িতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

তিনি আরো জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা হয়। ওই মামলার বিচারিক কার্যক্রম শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৭ সালের ১০ এপ্রিল তাকে যাবজ্জীবন সাজার রায় দেন আদালত। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন। পলাতক থাকা অবস্থায় তিনি বিভিন্ন এলাকায় আত্মগোপন করে থাকতেন। গ্রেফতারের পর পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট তাকে ঢাকায় নিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com