শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

২ বাংলাদেশিকে পিটিয়ে সীমান্তে ফেলে গেল বিএসএফ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ১০১ বার
ছবি : সংগৃহীত

ভারতে অনুপ্রবেশের দায়ে তিন দফা গণপিটুনি দিয়ে দুই বাংলাদেশিকে সীমান্ত ফেলে গেল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সোমবার ভোরে মৌলভীবাজারের জুড়ীর লাঠিটিলা সীমান্ত থেকে তাদের উদ্ধার করা হয়।

ভুক্তভোগীরা হলেন খুলনার রূপসা উপজেলার নতুন বাজার এলাকার হৃদয় শেখ (২৪), অপরজনের বাড়ি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জাহাঙ্গীর আলম (২৪)।

আহতদের সূত্রে জানা যায়, গত শুক্রবার জাহাঙ্গীর ও হৃদয় শেখ কাজের জন্য খাগড়াছড়ি জেলার রামগড় এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেন। সেখান থেকে ট্রেনে আগরতলা আসার পথে ট্রেনের টিকেট না থাকার কারণে কাঞ্চন কর্ণার নামক ষ্টেশনে তাদের নামিয়ে দেওয়া হয়। পরে বাংলাদেশি জেনে তাদের গণপিটুনি দেওয়া হয়। তারপর তাদেরকে স্থানীয় থানায় হস্তান্তর করে। সেখানে দুই রাত রেখে উলঙ্গ করে আরেক দফা পিটুনির পর গতকাল রোববার বিএসএফের কাছে হস্তান্তর করে পুলিশ।

বিএসএফ ওই দিন তাদেরকে ক্যাম্পে আটকে তৃতীয় দফা পিটুনির পর আজ ভোরে মৌলভীবাজারের জুড়ীর লাঠিটিলা সীমান্তের ১৮০০ থেকে ১৮০১ নাম্বার পিলার দাগ নালাপুঞ্জি নামক গেইটের মধ্য দিয়ে বাংলাদেশ সীমান্তে ফেলে যায়। এদের মধ্যে একজন ভোরে লাঠিটিলা কচুরগুল এলাকার লোকজনকে জানালে, তারা স্থানীয় বিজিবি ও পুলিশকে খবর দেন।

তারা তাদেরকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

হাসপাতালে থাকা লাঠিটিলা বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মোহাম্মদ গাউস ঘটনার সত্যতা স্বীকার করলে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মোশাররফ হোসেন বলেন, বিজিবির অভিযোগ অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে তাদের অবস্থা খারাপ হওয়ার কারণে তারা চিকিৎসাধীন আছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com