

দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা বাগদান সেরে ফেলেছেন। শিগগিরই তাঁরা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।
সূত্রের বরাতে এনডিটিভি জানায়, গত শুক্রবার (৩ অক্টোবর) পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে গোপন এক অনুষ্ঠানে তাঁদের বাগদান সম্পন্ন হয়। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো দেননি রাশমিকা বা বিজয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, আগামী ফেব্রুয়ারি ২০২৬-এ তাঁদের বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে।
রাশমিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা এর আগে গীতা গোবিন্দম এবং ডিয়ার কমরেড চলচ্চিত্রে একসঙ্গে কাজ করেছেন। তখন থেকেই তাঁদের জুটিকে নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে।
অন্যদিকে, পেশাগত দিক থেকে রাশমিকা এবার দেখা দেবেন আদিত্য সারপোতদারের পরিচালনায় হরর–কমেডি ছবি থাম্মা–তে, যেখানে তাঁর বিপরীতে আছেন আয়ুষ্মান খুরানা। ছবিতে আরও অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী ও পরেশ রাওয়াল। এটি মুক্তি পাবে ২১ অক্টোবর ২০২৫-এ।
অভিনেতা বিজয় দেবরকোন্ডাকে সর্বশেষ দেখা গেছে গোতম তিন্নানুরির পরিচালনায় তেলুগু স্পাই–অ্যাকশন থ্রিলার কিংডম–এ।