বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

রাতে এক ঘণ্টার মধ্যে সাভার-ধামরাইয়ে দুই বাসে আগুন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৬০ বার

সাভার ও ধামরাইয়ে এক ঘণ্টার মধ্যে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) রাতে সাভারের বিরুলিয়া বেড়িবাঁধ সংলগ্ন বটতলা এলাকায় এবং ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ডের কাছে পার্ক করে রাখা বাস দুটিতে আগুন দেওয়া হয়। তবে এসব ঘটনায় কেউ হতাহত হননি।

পুলিশ বলছে, রোববার রাত পৌনে ১১টার দিকে সাভারের বিরুলিয়া বেড়িবাঁধ সংলগ্ন বটতলা এলাকায় পার্ক করে রাখা আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

বাসের মালিক ও চালক আমজাদ হোসেন বলেন,‘ঋণ করে বাসটি কিনেছিলাম। বাড়িতে খাবার খেতে গিয়ে শুনি আগুন লাগানোর খবর। দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করি। ততক্ষণে অবশ্য পুরো বাসটাই পুড়ে যায়।’

সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. আবদুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করে জানান, পার্ক করা বাসে কে বা কারা আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ডের কাছে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। নৈশপ্রহরী ফারুক বলেন, তিনজন এসে প্রথমে বাসে ইট মারে। পরে আগুন লাগিয়ে দ্রুত চলে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মোটরসাইকেলে তিনজন ব্যক্তি এসে ডি–লিংক পরিবহনের পার্ক করা একটি বাসের পেছনের জানালা ভেঙে ভেতরে আগুন ধরিয়ে দেয়। এরপর মোটরসাইকেল নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। পরে স্থানীয় লোকজন পানি ও বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুনে বাসের ভেতরের অধিকাংশ আসন পুড়ে গেছে।

ধামরাই ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার মো. সোহেল রানা জানান, সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। বাসের ভেতরে পেছন দিক থেকে আগুন লাগানো হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে গানপাউডার ব্যবহার করা হয়েছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, পার্ক করা বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে। তবে ক্ষতিগ্রস্ত বাস মালিক এখনো মামলা করেনি। দুর্বৃত্তদের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিষয়ে আজ সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এর আগে গত ১৬ এবং ১৭ নভেম্বর অনলাইনে ‘লকডাউন কর্মসূচি’ ঘোষণা করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ। মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এই আগুনের ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com