

প্রতিরক্ষা খাতে বড় ধরনের সাংগঠনিক পরিবর্তন আসছে। সৃষ্টি করা হচ্ছে নতুন পদ। আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। এ ছাড়া বৈঠকে স্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি খাত, খুলনা শিপইয়ার্ডে ব্যবস্থাপনাসহ কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগে পদ সৃষ্টি অনুমোদন পেতে পারে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিরক্ষা খাতে উল্লেখযোগ্য সংখ্যক পদ সৃষ্টি এবং কাঠামো পুনর্বিন্যাসের প্রস্তাব রয়েছে। বিমানবাহিনীতে ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (ট্রাডক) গঠনে ১২৭টি নতুন পদ সৃষ্টি হচ্ছে। বলা হয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা আধুনিক ও সমন্বিত কাঠামোয় আনতে ট্রাডক গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য ১৩৯টি পদ সৃষ্টির মূল প্রস্তাব দেওয়া হয়। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় ১৩৬টি পদে সম্মতি দেয়। পরে অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ ১২৭টি পদ সৃষ্টিতে সম্মতি জানায়।
এসব পদের মধ্যে ১০৫টি সামরিক ও ২২টি বেসামরিক পদ। প্রবিধি অনুবিভাগ সামরিক পদগুলোর বেতনস্কেল এবং বাস্তবায়ন অনুবিভাগ বেসামরিক পদগুলোর বেতনস্কেল নির্ধারণ করেছে।
বিমানবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা, এয়ার ফিল্ড ও বিমান চলাচল সহায়তা ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে ৫০১ এয়ার রেজিমেন্ট গঠনের সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ রেজিমেন্টে সার্বক্ষণিক নিরাপত্তা ও প্রযুক্তিগত সহায়তা প্রদানের জন্য প্রথম ধাপে ২৪৫টি
পদের প্রস্তাব দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় ২৩৯টি পদে সম্মতি জানালেও অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ শেষ পর্যন্ত ২২৪টি পদে সম্মতি দিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ২০৪টি সামরিক ও ২০টি বেসামরিক পদ। প্রবিধি ও বাস্তবায়ন অনুবিভাগ পদের বেতনস্কেল নির্ধারণ করেছে।
নৌবাহিনীপ্রধানের সচিবালয়ে নতুন পদ : বাংলাদেশ নৌবাহিনী প্রধানের সচিবালয়ের কর্মপরিধি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। কিন্তু জনবল কাঠামো দীর্ঘদিন পরিবর্তন না হওয়ায় প্রশাসনিক কর্মকাঠামো দুর্বল হয়ে পড়েছে। এ কারণে সচিবালয়ের কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবে স্থায়ীভাবে ৮টি নতুন পদ সৃজন এবং ৪টি পদ বিলুপ্ত করার প্রস্তাব করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় ৯টি পদে সম্মতি দিলেও অর্থ বিভাগ তা ৮টিতে সীমিত রাখে। ৭টি সামরিক ও ১টি বেসামরিক পদের বেতনস্কেল চূড়ান্ত করা হয়েছে।
খুলনা শিপইয়ার্ডে ব্যবস্থাপনা পুনর্গঠন : বাংলাদেশ নৌবাহিনী নিয়ন্ত্রিত খুলনা শিপইয়ার্ডের ব্যবসায়িক বিস্তৃতি, আন্তর্জাতিক প্রতিযোগিতা ও জাহাজ নির্মাণ কার্যক্রম আরও শক্তিশালী করতে এর সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের প্রস্তাবও আলোচ্যসূচিতে রয়েছে। এতে ৯টি নতুন স্থায়ী পদ সৃজন এবং ১৯টি পদ বিলুপ্ত করার বিষয়ে ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ সম্মতি দিয়েছে।
শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক পদটি কমোডর থেকে রিয়ার অ্যাডমিরাল পদে উন্নীত করার প্রস্তাবও আলোচনায় রয়েছে।
নার্স সংকট দূর করতে উদ্যোগ : দেশের সরকারি হাসপাতালগুলোতে দীর্ঘদিন ধরে নার্স সংকট চলছে। শয্যা বৃদ্ধির পরও প্রয়োজনীয় সংখ্যক নার্স নিয়োগ না হওয়ায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। বিশেষ করে জেলা হাসপাতাল, মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত ইউনিটগুলোতে শয্যা-নার্স অনুপাত ভয়াবহভাবে অসম হয়ে পড়েছে। এ অবস্থায় সরকার পর্যায়ক্রমে নার্স নিয়োগের উদ্যোগ নিয়েছে। তিন হাজার ৪৮০টি সিনিয়র স্টাফ নার্সের অস্থায়ী পদ সৃজনের অনুমোদন হতে পারে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্তমানে সরকারি হাসপাতালে সিনিয়র স্টাফ নার্সের অনুমোদিত পদ রয়েছে ৪৩ হাজার ৪০৯টি। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী শয্যা-নার্স অনুপাত পূরণে আরও উল্লেখযোগ্য সংখ্যক নার্স প্রয়োজন। রোগীর চাপ প্রতিনিয়ত বাড়লেও গত কয়েক বছরে নার্স নিয়োগ সেই অনুপাতে হয়নি। ফলে হাসপাতালের সর্বস্তরের সেবায় ঘাটতি সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় প্রথমে ৫ হাজার নার্সের পদ সৃজনের প্রস্তাব পাঠায়। জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাবে নীতিগত সম্মতি দেয়। পরে অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ তিন ধাপে মোট তিন হাজার ৪৮০টি পদ সৃজনের সিদ্ধান্ত নেয়। এর মধ্যে ২০২৫-২৬ অর্থবছরে ৯৪১টি, ২০২৬-২৭ অর্থবছরে ১ হাজার ২৪৮টি এবং ২০২৭-২৮ অর্থবছরে ১ হাজার ২৯১টি পদ সৃজনের সম্মতি দেওয়া হয়েছে। অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ ইতোমধ্যে এসব পদের বেতন স্কেল নির্ধারণ করেছে। বৈঠকে অনুমোদন পেলে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়িতে নতুন পদ : ঐতিহ্য সংরক্ষণ ও অবকাঠামো রক্ষণাবেক্ষণ করবে সরকার। এরই অংশ হিসেবে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্র কুঠিবাড়ি জাদুঘর ও আশপাশের সাইটগুলোর রক্ষণাবেক্ষণ, ব্যবস্থাপনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদারের জন্য মোট ৪৫টি পদ সৃজনের প্রস্তাব দিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় অস্থায়ীভাবে ৭টি পদে সম্মতি দিলেও ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ শেষ পর্যন্ত মাত্র ২টি নতুন পদের অনুমোদন দিয়েছে। বাস্তবায়ন অনুবিভাগ ইতোমধ্যে বেতন স্কেল নির্ধারণ করেছে।
শিক্ষা ও জ্বালানি খাতে পদ পুনর্গঠন : সরকারিকৃত শিক্ষা প্রতিষ্ঠানে ৩৭টি নতুন পদ সৃষ্টি করা হবে। ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারিকরণের আগে কর্মরত শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণের জন্য ৩৭টি নতুন পদ সৃজনের প্রস্তাবে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ উভয়ই সম্মতি দিয়েছে। বাস্তবায়ন অনুবিভাগ সংশ্লিষ্ট পদের বেতনস্কেল চূড়ান্ত করেছে।
হাইড্রোকার্বন ইউনিটের নিয়োগ বিধিমালা সংশোধন : জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের হাইড্রোকার্বন ইউনিটে ২০১৩ সালের নিয়োগ বিধিমালার বিভিন্ন ধারা সংশোধনের প্রস্তাব আজকের সভায় উপস্থাপন করা হবে। নীতি নির্ধারণ ও ব্যবস্থাপনায় সংস্থাটির গুরুত্ব বাড়ায় নিয়োগবিধি হালনাগাদের উদ্যোগ নেওয়া হয়েছে।