বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

একটি আসন না পেলেও লক্ষ্য অটুট থাকবে: নাহিদ ইসলাম

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৫৩ বার

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ক্ষমতা বা আসনের জন্য কারও সঙ্গে কোনো ধরনের সমঝোতা করবে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় একটি আসন না পেলেও দলের যে লক্ষ্য, তা অটুট থাকবে বলে জানান তিনি।

রোববার (২৩ নভেম্বর) রাজধানীর শাহবাগে আবু সাঈদ কনভেনশন সেন্টারে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন,‘আমাদের যদি কোনো রাজনৈতিক সমঝোতা হয়, সেটা একটা নীতিগত জায়গা থেকে হতে হবে। কোনো ধরনের ক্ষমতার জন্য আসনের জন্য আমরা কারও সঙ্গে কোনো ধরনের সমঝোতা করব না।’

তিনি বলেন, ‘আমরা যদি একটি আসনও না পাই, জাতীয় নাগরিক পার্টির যে আদর্শ, যে নীতি, যে লক্ষ্য, তা অটুট থাকবে।’

সংবাদ সম্মেলনে নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছেন না বলেও মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, ‘এবারও একটি সাজানো ও সমঝোতার নির্বাচন করার প্রচেষ্টা চলছে। নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড আমরা পাচ্ছি না। আগে অর্থ ও পেশিশক্তি ব্যবহারের যে সংস্কৃতি দেখা গেছে, এবার নির্বাচনের পরিস্থিতি এর চেয়ে ভিন্ন করার জন্য সরকারের পক্ষ থেকে শক্ত অবস্থান থাকা উচিত ছিল, যা আমরা দেখতে পাচ্ছি না।’

প্রার্থী বাছাই নিয়ে তিনি বলেন, ‘দুই দিনব্যাপী সাক্ষাৎকারের মাধ্যমে ১ হাজার ৪৮৪ জন প্রার্থী থেকে সৎ ও যোগ্য ব্যক্তিদের বাছাই করা হবে। আজ থেকে শুরু হওয়া এই সাক্ষাৎকার শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।’

এ সময় এনসিপি এককভাবে ৩০০ আসনে নির্বাচন করবে বলেও উল্লেখ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন,‘কোনো অপপ্রচারে কান দেবেন না। এনসিপি এককভাবেই ৩০০ আসনে নির্বাচন করবে। তবে আমাদের আদর্শের সঙ্গে মিল থাকলে ভবিষ্যতে কেউ যোগ দিলে তা অবশ্যই খোলামেলাভাবে আগেই জানিয়ে দেওয়া হবে।’

অন্যান্য দলের প্রার্থী বাছাই প্রক্রিয়ার সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘অন্য দলগুলো যাদের মনোনয়ন দিচ্ছে, তাদের মধ্যে নতুন রাজনীতির কোনো ছাপ নেই। পাঁচ বছর আগে নির্বাচনে যাদের মনোনয়ন দিত, এবারও তাদেরই দিচ্ছে। আমরা নতুন, সৎ, দক্ষ ও যোগ্য মানুষদের নিয়ে সামনে এগোতে চাই।’

জাতীয় নাগরিক পার্টি তার স্বপ্ন ও প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের এই নির্বাচনে অংশগ্রহণের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সাধারণ মানুষের আস্থা ও সহযোগিতা। যে সহযোগিতা আমরা সবসময় পেয়ে আসছি, সাধারণ মানুষের সেই সমর্থনেই এনসিপি এতদূর আসতে পেরেছে। মানুষের আস্থা ও ভরসাতেই এনসিপি সামনে এগিয়ে যাবে।’

এ সময় দলের মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com