

প্রকৃতি মানুষের সর্বশ্রেষ্ঠ শিক্ষক। প্রকৃতি কখনো কোমল, আবার কখনো কঠোর। এর কোমল রূপ যেমন মানুষকে সমৃদ্ধি দেয়, তেমনি কঠোর রূপ মানুষকে সতর্ক করে, সাবধান করে এবং শেখায়, জীবনে সবকিছুই পরিবর্তনশীল ও ক্ষণস্থায়ী। ভূমিকম্প সেই কঠোর প্রকৃতিরই একটি নির্মম বাস্তবতা, যা কয়েক সেকেন্ডেই মানবসভ্যতার গর্বিত নির্মাণকে ধূলিসাৎ করে দিতে পারে। পৃথিবীর গর্ভে লুকিয়ে থাকা এই ভয়ংকর শক্তি মানুষকে স্মরণ করিয়ে দেয়, মানবজাতি যত উন্নতই হোক, প্রকৃতির কাছে সে এখনো সীমাবদ্ধ, দুর্বল ও নির্ভরশীল। তাই ভূমিকম্প শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়; এটি জীবন, প্রযুক্তি, সমাজ, মানবিকতা ও প্রস্তুতি সম্পর্কে আমাদের জন্য এক গভীর শিক্ষা।
নিরাপত্তাই সর্বাগ্রে : ভূমিকম্পের সবচেয়ে বড় শিক্ষা হলো নিরাপত্তা সচেতনতা। অনেক দেশ উন্নত প্রযুক্তিতে নির্মাণকাজ করে থাকে, যাতে ভবনগুলো ভূমিকম্প-সহনশীল হয়। চীন, জাপান, তুরস্কসহ বিভিন্ন দেশে এর বাস্তব উদাহরণ রয়েছে। কিন্তু আমাদের দেশে এখনো অনেক ভবন নীতিমালা উপেক্ষা করে নির্মিত হয়। নির্মাণসামগ্রীর মানহীনতা, প্রকৌশলীর পরামর্শ না নেওয়া, ভবনের নকশায় ভুল, এসব কারণে ভূমিকম্পে মানুষের মৃত্যুঝুঁকি বহুগুণ বেড়ে যায়। তাই প্রথম শিক্ষা হলো, জীবনের নিরাপত্তার জন্য সঠিক নকশা ও মানসম্মত নির্মাণ অপরিহার্য। প্রকৌশল নীতিমালা মানা মানেই শুধু নিয়ম পালন নয়, এটি মানুষের জীবনের প্রতি সম্মান প্রদর্শন।
মানুষের অসহায়ত্ব ও বিনয় : ভূমিকম্পের পূর্বাভাস যন্ত্র এখনো আবিষ্কৃত হয়নি। কয়েক সেকেন্ডের কাঁপুনিতে স্থাপনাগুলো ভেঙে পড়ে, মানুষের দৌড়ঝাঁপ, কান্না ও আতঙ্কে শহর হয়ে যায় লাশের প্রান্তর। এসব ঘটনা মনে করিয়ে দেয়, আমাদের অহংকার, ক্ষমতা, সম্পদ, আধিপত্য কিছুই প্রকৃতির কাছে বড় নয়। এই শিক্ষা মানুষকে বিনয়ী হতে শেখায়। সমাজে অহংকার, জুলুম, স্বার্থপরতা ও ক্ষমতার অপব্যবহার কমাতে এই বিনয় অপরিহার্য। প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা উপলব্ধি করলে মানুষ আরও মানবিক, সহমর্মী ও দায়িত্বশীল হয়ে ওঠে।
দুর্যোগ প্রস্তুতির গুরুত্ব : ভূমিকম্প থেকে সবচেয়ে মূল্যবান শিক্ষা হলো ‘প্রস্তুতি’। অনেকে জানে না ভূমিকম্পের সময় কী করতে হবে, ‘ড্রপ-কাভার-হোল্ড অন’ পদ্ধতি কী (মেঝেতে বসে কোনো শক্ত টেবিলের নিচে ঢুকে সেটি শক্ত করে ধরে রাখা), নিরাপদ স্থান কোথায়, বের হওয়ার পথ কোনটি। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে, অরাজকতা তৈরি হয় এবং ক্ষয়ক্ষতি বেড়ে যায়। অনেক স্কুল-কলেজে ভূমিকম্প মহড়া নেই, শিক্ষার্থীরা কীভাবে নিরাপদে থাকতে হয়, তা শেখানো হয় না। কিন্তু একটি সঠিক প্রস্তুতি ও প্রয়োজনীয় প্রশিক্ষণ অনেক প্রাণ বাঁচাতে পারে।
প্রতিটি পরিবারে জরুরি ব্যাগ থাকা, পানি-খাবার সংরক্ষণ, টর্চলাইট, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, এসব ছোট প্রস্তুতিই বড় বিপর্যয় সামলাতে সাহায্য করে। ভূমিকম্প আমাদের শেখায়, প্রস্তুতি ছাড়া জীবন নিরাপদ নয়।
পারস্পরিক সহযোগিতা : দুর্যোগের সময় সবচেয়ে বেশি প্রকাশ পায় মানবিকতা। ভূমিকম্পে ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষকে উদ্ধারে স্থানীয় মানুষ প্রথমে এগিয়ে আসে। একে অপরকে সাহায্য করা, রক্ত দেওয়া, খাদ্য ও আশ্রয় প্রদান, এসব মানবিক কর্মকাণ্ড প্রমাণ করে মানুষ একে অপরের জন্যই সৃষ্টি। সমাজে একাকী নিরাপত্তা নেই। সমষ্টিগত মানবিকতাই প্রকৃত নিরাপত্তা। তাই সমাজে বিভেদ, হিংসা ও স্বার্থপরতা দূর করে সহযোগিতার চেতনাকে আরও শক্তিশালী করা প্রয়োজন।
প্রযুক্তি ও গবেষণার গুরুত্ব : ভূমিকম্প প্রতিরোধ করা সম্ভব না হলেও এর ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। এজন্য প্রয়োজন প্রযুক্তি ও গবেষণা। ভূকম্পবিদ্যা, ভূগর্ভ বিশ্লেষণ, জিপিএস মনিটরিং, বিল্ডিং কোড, সেন্সর অ্যালার্ম, এসব বিষয় উন্নত দেশগুলোকে বিপর্যয় থেকে রক্ষা করছে। আমাদের দেশেও এগুলোতে বিনিয়োগ বাড়ানো জরুরি। জ্ঞান ও গবেষণার বিকল্প নেই। প্রকৃতির সামনে দাঁড়িয়ে মানুষকে আরও বিজ্ঞানমনস্ক ও পরিকল্পনাবাদী হতে হবে।
শহর নিয়ে পরিকল্পনা : ঘনবসতি, অপরিকল্পিত নগরায়ণ, সরু গলি, ভবনের গাদাগাদি এসব ভূমিকম্পের ক্ষয়ক্ষতি বাড়ায়। ঢাকা, চট্টগ্রামসহ বড় শহরগুলো পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ মেগাসিটির তালিকায় রয়েছে। ভূমিকম্প আমাদের শেখায়, পরিকল্পিত শহর মানেই নিরাপত্তা। প্রশস্ত রাস্তা, খোলা জায়গা, সুষ্ঠু ড্রেনেজ, বিল্ডিং কোড অনুসরণ এসব বিষয় মানুষের বেঁচে থাকার সুরক্ষার জন্য অপরিহার্য। শুধু উন্নয়ন নয়, পরিকল্পিত উন্নয়নই টেকসই সমাজ গড়ে।
স্থায়িত্বহীন জীবন : ভূমিকম্পের ঘটনায় এক মুহূর্তেই পরিবার, সম্পদ, স্বপ্ন সব হারিয়ে যায়। মানুষ ভাবে, যে জীবনকে আমরা স্থায়ী মনে করি, আসলে তা মুহূর্তেই বিলীন হতে পারে। এই উপলব্ধি মানুষকে আল্লাহভীরু হতে শেখায়, নৈতিক জীবনযাপন করতে উৎসাহিত করে। পাপ-অন্যায় থেকে বাঁচতে, ভালো কাজে আগ্রহী হতে এবং মৃত্যুর প্রস্তুতি নিয়ে চলতে শিখে মানুষ। অনেকেই নিজেদের ভুল-ত্রুটি সংশোধনের সুযোগ পায় এই শিক্ষা থেকে।
সংকট মোকাবিলায় রাষ্ট্রের ভূমিকা : ভূমিকম্পের পর উদ্ধার অভিযান, মেডিকেল সেবা, খাদ্য সহায়তা ও আশ্রয় ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্র তার দায়িত্ব পালন করে। রাষ্ট্রের দুর্বলতা থাকলে বিপর্যয়ের মাত্রা বাড়ে, শক্তিশালী ব্যবস্থাপনা থাকলে ক্ষয়ক্ষতি কমে। দক্ষ, সুশৃঙ্খল ও মানবিক রাষ্ট্রই দুর্যোগ মোকাবিলা করতে পারে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, দমকল বাহিনী, সেনাবাহিনী, রেড ক্রিসেন্টসহ সব বিভাগের সমন্বিত প্রস্তুতি অপরিহার্য।
পরিবেশ সংরক্ষণ : পৃথিবীর ভূত্বক ক্রমাগত পরিবর্তনশীল। বন উজাড়, পাহাড় কাটা, অতিরিক্ত খনন, অবৈধ নির্মাণ, এসব কর্মকাণ্ড পৃথিবীর ভারসাম্য নষ্ট করে। ভূমিকম্প সরাসরি মানুষের কারণে না হলেও পরিবেশ ধ্বংস হলে এর প্রভাব আরও ভয়ংকর হয়ে ওঠে। তাই পরিবেশ রক্ষা করা মানেই মানুষের জীবন রক্ষা করা।
সচেতনতা ও ঐক্য : দুর্যোগের সময় পরিবারের সবাইকে নিরাপদ রাখা বড় দায়িত্ব। কোন কক্ষে দাঁড়াতে হবে, কোন কলামে আশ্রয় নিতে হবে, বাচ্চাদের কীভাবে রক্ষা করতে হবে, এসব বিষয় পরিবারে আলোচনা করলে সংকটে আতঙ্ক কমে যায়। পরিবারের ঐক্য ও সহযোগিতা জীবনের বড় শক্তি।
ভূমিকম্প আমাদের সচেতনতা, বিনয়, পরিকল্পনা, মানবিকতা, গবেষণা এবং আল্লাহর ওপর নির্ভরতা সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা দেয়। আমরা যদি এই শিক্ষাগুলো গ্রহণ করি এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করি, তাহলে ভূমিকম্পের ক্ষতি অনেক কমানো সম্ভব। প্রকৃতির সঙ্গে যুদ্ধে জয়ী হওয়া নয়, বরং প্রকৃতির প্রতি সম্মান ও প্রস্তুতি রাখাই বুদ্ধিমানের কাজ। ভূমিকম্প আমাদের স্মরণ করিয়ে দেয়, জীবন মূল্যবান, তাই আমাদের দায়িত্ব সেটিকে রক্ষা করা, সংরক্ষণ করা এবং একে অপরের জন্য সহায়ক পরিবেশ গড়ে তোলা। এটাই ভূমিকম্প থেকে মানুষের নেওয়ার মতো সবচেয়ে বড় শিক্ষা।