

মাহামুদুর রহমান মান্নার রাজনৈতিক দল নাগরিক ঐক্য জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটে যুক্ত হতে পারে বলে গুঞ্জন উঠেছে। বিএনপি জোট ছাড়ার ঘোষণা দেওয়া নাগরিক ঐক্য জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হতে যাচ্ছে। গুঞ্জন সত্যি হলে, জামায়াত নেতৃত্বাধীন এই নির্বাচনি জোট ১২ দলীয় জোটে রূপ নেবে।
মাহমুদুর রহমান মান্নার সঙ্গে জামায়াত জোটের একাধিক নেতৃবৃন্দের যোগাযোগ অব্যাহত রয়েছে। দুই-একদিনের মধ্যেই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। মূলত বগুড়া-২ ও ঢাকা-১৮ আসন থেকে নির্বাচন করছেন মান্না। এরমধ্যে বগুড়ায় জামায়াতের প্রার্থী অধ্যক্ষ শাহাদাতুজ্জামান আর ঢাকা-১৮ আসনে জামায়াতের জোট সঙ্গী এনসিপির নেতা আরিফুল ইসলাম আদীব। এর যেকোনো একটি সমঝোতা করে জোটের ঘোষণা আসতে পারে।
এ বিষয়ে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে মাহমুদুর রহমান মান্না একাধিকবার যোগাযোগ করলেও কোনো ফল না আসায় জরুরি সংবাদ সম্মেলন করে একলা চলো নীতি অবলম্বনের ঘোষণা দেন তিনি। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, দলের সভাপতি মান্না ঢাকা-১৮ ও বগুড়া-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর বাইরে আরও ১০টি আসনে নিজস্ব প্রতীক ‘কেটলি’ নিয়ে নির্বাচন করবে দলটি।