

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একাধিক রাজনৈতিক দলের প্রধান প্রথমবারের মতো সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সভাপতি মজিবুর রহমান মঞ্জু অন্যতম।
ঢাকা-১৭ ও বগুড়া-৬ (সদর) আসন থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে প্রথমবার সংসদ সদস্য পদে নির্বাচন করছেন। তারেক রহমান ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রচারণায় অংশগ্রহণের মাধ্যমে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন। ২০০২ সালে তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও ২০০৯ সালে জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সাল থেকে দীর্ঘদিন ভারপ্রাপ্ত চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর চলতি বছরের ৯ জানুয়ারি তিনি ভারমুক্ত হন। তবে এখন পর্যন্ত তিনি সরাসরি কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ঢাকা-১৩ আসনে প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে প্রার্থী হলেও তার পূর্ববর্তী কোনো নির্বাচনে অংশগ্রহণের রেকর্ড নেই। তিনি ২০০৯ সালে বাংলাদেশ খেলাফত যুব মজলিস প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে দলটির আমির হন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম কখনও জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেননি এবং এ বছরও প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তবে দলটির সিনিয়র নায়েবে আমির তার ভাই মুফতি সৈয়দ ফয়জুল করিম বরিশাল-৫ আসনে প্রার্থী। তিনি এর আগে ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।
নির্বাচনে প্রথমবারের মতো অংশগ্রহণকারী এই দলীয় প্রধানদের উপস্থিতি এবারের ভোটকে আরও বৈচিত্র্যময় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে বলে বিশ্বাস রাজনৈতিক পর্যবেক্ষকদের।