বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

এইচএসসি পরীক্ষা পেছাবে কিনা, যা জানা গেল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১ বার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে কি না—এ নিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিলেও আপাতত পরীক্ষার তারিখ চূড়ান্ত করার কোনো সিদ্ধান্ত নেই। আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষাসংক্রান্ত মূল কার্যক্রম শুরু করার পরিকল্পনা করা হয়নি।

শিক্ষা বোর্ড সূত্র জানায়, বর্তমানে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র মুদ্রণের কাজ চলমান রয়েছে। এই প্রস্তুতি শেষ না হওয়া পর্যন্ত এবং নির্বাচনকালীন পরিস্থিতি বিবেচনায় নিয়ে এইচএসসি পরীক্ষার আয়োজন পেছানোর সিদ্ধান্তে অটল রয়েছে কর্তৃপক্ষ।

রবিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এবং আন্তঃশিক্ষা বোর্ডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, আগামী এপ্রিলের শেষ সপ্তাহে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে জুনের শেষ সপ্তাহে। তবে পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম শুরু হবে আগামী ১ মার্চ থেকে।

স্বাভাবিক শিক্ষাবর্ষ অনুযায়ী প্রতি বছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারি ও পরবর্তী নানা পরিস্থিতির কারণে গত কয়েক বছর ধরে সেই নিয়মিত সূচি বজায় রাখা সম্ভব হয়নি। চলতি বছর জাতীয় নির্বাচন ও পবিত্র রমজান মাস বিবেচনায় নিয়ে এসএসসি পরীক্ষা এপ্রিলের শেষ সপ্তাহে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইতোমধ্যে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা ও ফরম পূরণের কার্যক্রম শেষ হয়েছে। এখন প্রশ্নপত্র প্রস্তুতসহ পরীক্ষার চূড়ান্ত আয়োজন চলছে। এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরই এইচএসসি পরীক্ষাসংক্রান্ত পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

শিক্ষা বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষা যাতে সুষ্ঠু, সুন্দর ও নিরাপদভাবে সম্পন্ন করা যায়, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে নির্ধারিত সময়সূচি অনুযায়ীই এসএসসি ও এইচএসসি পরীক্ষা আয়োজন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com