

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে মমেক হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মুহাম্মদ মাঈন উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ১১১ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৬৯ জন পুরুষ, ২৭ জন নারী ও ১৫ জন শিশু। চিকিৎসাধীন রোগীদের মধ্যে একজন নারী আইসিইউতে রয়েছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে ৩১ জন ডেঙ্গু আক্রান্ত রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৫৪৬ জন রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২ হাজার ৯৪৮ জন রোগী ভর্তি হয়েছিলেন।